২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা পিছনোর প্রস্তাব ইতিমধ্যেই জমা পড়েছে। এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতেও বদল আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সেই অনুযায়ী নতুন পরীক্ষার সূচি তৈরির কাজও শুরু হয়েছে বলে খবর। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০২৭ সালের জানুয়ারি থেকে দেশজুড়ে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা। এই পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। সেই কাজ চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। এই কাজে রাজ্যের বহু স্কুলশিক্ষক যুক্ত থাকবেন। ফলে নির্ধারিত সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে। একদিকে জনগণনার কাজ, অন্যদিকে দুই বড় পরীক্ষা—দুটিই ঠিক ভাবে পরিচালনা করতে বিকল্প সূচি তৈরির কথা ভাবা হচ্ছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেলে উচ্চমাধ্যমিক পরীক্ষাও পিছোতে হবে। তাঁর কথায়, মাধ্যমিকের নতুন সূচি দেখে উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সূচি তৈরি করা হবে। সেই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।
এ দিকে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি লালু দাস সোমবার এই বিষয়ে স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়েছেন। প্রস্তাবে ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পরীক্ষার নতুন সূচিও পাঠানো হয়েছে।
এই প্রস্তাব নিয়ে বুধবার স্কুলশিক্ষা দফতরে বৈঠক হওয়ার কথা। রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, পর্ষদের পাঠানো প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা হবে। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মাধ্যমিকের নতুন সূচির প্রস্তাব সামনে আসার পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও পরীক্ষার তারিখ বদলের বিষয়টি বিবেচনা করছে। সংসদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর, অর্থাৎ ১৬ মার্চের পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু করার কথা ভাবা হচ্ছে। সেই অনুযায়ী নতুন সূচির খসড়া তৈরির কাজ চলছে।
তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য স্কুলশিক্ষা দফতর এবং নবান্নের অনুমোদন পাওয়ার পরেই নতুন সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। ফলে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ শেষ পর্যন্ত কী দাঁড়ায়, এখন সে দিকেই তাকিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
- More Stories On :
- H.S Examination
- Teachers,

