পালাবদলের পর ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়্গপুরে পৌঁছন তিনি। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। তবে খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বদল করতে হয় তাঁর যাত্রাপথ। হেলিকপ্টারের বদলে গাড়িতে করেই খড়্গপুরে পৌঁছন মোদি।
শনিবার সকালে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কলাইকুণ্ডা থেকে হেলিকপ্টারে আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরিবর্তে সড়কপথে তাঁকে নিয়ে যাওয়া হয় আইআইটি চত্বরে।
আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই শিক্ষা প্রতিষ্ঠানেই প্রথম চালু হয়েছে চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রম। সফরে সেই অংশও ঘুরে দেখার কথা তাঁর। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীরা।
এর পর আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। প্রতিষ্ঠানের অধিকর্তা সুমন চক্রবর্তী তাঁকে সংবর্ধনা জানানোর পর বক্তব্য রাখবেন মোদি। তার পর বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আইআইটি খড়্গপুর চত্বরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়ার কারণে যাত্রাপথে পরিবর্তন হলেও নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছন প্রধানমন্ত্রী।
- More Stories On :
- PM Modi
- Kharagpur IIT

