কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প **অটল পেনশন যোজনা (APY)**-য় উপভোক্তা নথিভুক্তির নিরিখে গোটা দেশের মধ্যে বিহারের পরেই দ্বিতীয় স্থান দখল করেছে মালদা জেলা। এই সাফল্যকে স্বীকৃতি জানাতে বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। অটল পেনশন যোজনার প্রসারে ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিং করেসপন্ডেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন উপস্থিত বক্তারা।
জেলাশাসক রাজেনবীর সিং কাপুর বলেন, অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তির ক্ষেত্রে মালদা জেলার এই সাফল্য অত্যন্ত গর্বের। তিনি জানান, জেলা প্রশাসন, বিভিন্ন ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিং করেসপন্ডেন্টদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের মধ্যে যারা এই প্রকল্পে সর্বাধিক সংখ্যক গ্রাহককে যুক্ত করতে সক্ষম হয়েছেন, তাঁদের বিশেষভাবে সম্মানিত করা হয়। প্রশাসনের মতে, এই ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ মালদায় অটল পেনশন যোজনার আওতায় নাম নথিভুক্ত করেছেন। দেশের মধ্যে এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বিহার, আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলা।
তবে প্রশাসনের একাংশের মতে, এখনও বহু সাধারণ মানুষ এই প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে সম্পূর্ণ অবগত নন। এছাড়া প্রতি বছর নির্দিষ্ট নিয়ম মেনে প্রকল্পটি সক্রিয় রাখতে হয় বলেও অনেকেই আগ্রহ দেখান না। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হচ্ছে না।
ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন, অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাঙ্কগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজের স্বীকৃতি দিতেই এদিন সফল ব্যাঙ্কগুলিকে সম্মান জানানো হয়েছে। ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ 'জীবিকায় ভাগ বসাচ্ছে রোহিঙ্গারা', অভিযোগ তুলে পথে নামল বহরমপুরের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়
- More Stories On :
- Malda
- Atal Pension Yojana

