২০২০ সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রায় ছ'বছর পর ফের বড় পদক্ষেপ করল পুলিশ। বুধবার গভীর রাতে দেউলা সংলগ্ন এলাকা থেকে তৃণমূল নেতা ইমরান হাসানকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার যুব তৃণমূলের সভাপতি ছিলেন। ইমরান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত। নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে ভোটের আগে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের মতো একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১০ ডিসেম্বর। বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন জে পি নাড্ডা। তাঁর কনভয়ে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ-সহ কেন্দ্র ও রাজ্যের একাধিক নেতা। অভিযোগ, ডায়মন্ড হারবার যাওয়ার পথে সরিষা ও ফলতা এলাকায় তাঁদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। কনভয়ের গাড়িগুলিকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। লাঠি নিয়েও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ।
এই ঘটনায় দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। ইটের আঘাতে আহত হয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। ঘটনাকে কেন্দ্র করে সে সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই ঘটনার তদন্তে নতুন করে তৎপর হয় পুলিশ। শুরু হয় পুরনো মামলার তদন্ত। সেই তদন্তে প্রথমে মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চু, আরিফ হোসেন এবং আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়।
তাঁদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা সঞ্জীব মণ্ডল ও রিপনের নাম জানতে পারেন বলে পুলিশ সূত্রে খবর। পরে তাঁদেরও গ্রেফতার করা হয়। সম্প্রতি এই মামলায় জাহাঙ্গির খান নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ।
এ বার সেই মামলাতেই গ্রেফতার করা হল ইমরান হাসানকে। বুধবার গভীর রাতে দেউলা সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়। প্রায় ছ'বছর আগের এই হামলার ঘটনায় আরও কারা জড়িত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
নাড্ডার কনভয়ে হামলার পুরনো মামলায় একের পর এক গ্রেফতারিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে। এই ঘটনায় তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর।
- More Stories On :
- JP Nadda convoy attack
- Imran Hasan
- Arrested

