সাতসকালে ইসলামপুরে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক প্রধান শিক্ষক। শনিবার সকালে ইসলামপুরের মাদারিপুর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের আমবাগান মোড় এলাকায় বাড়ি নজরুল ইসলামের। তাঁর কোনও রাজনৈতিক যোগ নেই বলেই স্থানীয়দের দাবি। প্রতিদিনের মতো শনিবারও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
গুলির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলার কারণ কী, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কেন প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পিছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।
নজরুল ইসলামের পরিবারের সদস্যদের দাবি, কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা ছিল না। স্কুলের শিক্ষকরাও একই কথা জানিয়েছেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষক হিসেবে নজরুল ইসলাম অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। স্কুলের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। তাঁর সঙ্গে কারও কোনও ঝামেলা ছিল বলে তাঁরা জানেন না।
এক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক হিসেবে নজরুল ইসলাম খুবই ভালো এবং কর্তব্যপরায়ণ ছিলেন। সবসময় স্কুলের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। এমন একজন মানুষকে কেন গুলি করা হল, তা তাঁরা বুঝতে পারছেন না।
ঘটনাকে ঘিরে ইসলামপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আরও জানা গিয়েছে, যে মাদারিপুর এলাকায় এদিন প্রধান শিক্ষককে গুলি করা হয়েছে, তার কাছেই এর আগে একটি হোটেলে এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছিলেন। পরপর এমন ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে শনিবারের হামলার সঙ্গে আগের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
- More Stories On :
- Islampur
- Shoot Out
- Head teacher

