বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনায় ফের বড় সিদ্ধান্ত নিল পুলিশ। মামলার তদন্তকারী অফিসার আবার বদল করা হয়েছে। এবার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়কে। এই নিয়ে দ্বিতীয়বার তদন্তকারী অফিসার পরিবর্তন হল। শনিবার নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। তার পরেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এল।
ঘটনার পর বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। প্রথমে তদন্তের দায়িত্বে ছিলেন জেলাপুলিশের আধিকারিক দিগন্ত মণ্ডল। পরে সেই দায়িত্ব দেওয়া হয় জয়ন্ত পোদ্দারকে। এবার তদন্তভার তুলে দেওয়া হল শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। পুলিশ সূত্রের দাবি, মামলার সংবেদনশীলতা ও একাধিক দিক খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে, সেই লক্ষ্যেই অভিজ্ঞ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
এরই মধ্যে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শামিম আলি খান। তদন্তকারীদের দাবি, নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই তাঁকে চিহ্নিত করা হয়েছে। প্রকাশ্যে আসা একটি ফুটেজে দেখা যায়, রক্তাক্ত ইন্দ্রজিৎকে টেনে নিয়ে যাচ্ছেন শামিম। তাঁকে আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
বারুইপুর কাণ্ডে একাধিক ঘটনার তদন্ত একসঙ্গে চলছে। ধর্ষণ ও খুনের মূল মামলা, গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু, পুলিশ ও সরকারি সম্পত্তিতে ভাঙচুর, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এবং অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর ঘটনাও তদন্তের আওতায় রয়েছে। এনকাউন্টারের তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ। ধর্ষণ ও খুনের মামলায় বিশেষ তদন্তকারী দল কাজ করছে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও তদন্ত জোরদার করা হয়েছে।
- More Stories On :
- Baruipur Case
- Investigation officer

