অহমদাবাদের বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন এক সময় বেঙ্গালুরুর ঘরের মাঠে পরিণত হয়েছিল। গ্যালারির অধিকাংশ অংশ জুড়ে ছিল লাল জার্সিধারী সমর্থকদের উচ্ছ্বাস। সেই আবহেই আরও একবার আইপিএলের সিংহাসনে বসল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে ইতিহাস গড়ল তারা। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি—যিনি আবারও প্রমাণ করলেন কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা রানতাড়াকারী বলা হয়।
১৫৬ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় বেঙ্গালুরুকে। ওপেনিং জুটিতে বিরাট কোহলি ও বেঙ্কটেশ আয়ার গুজরাতের বোলারদের ওপর চাপ তৈরি করেন। ম্যাচের একেবারে শুরুতেই হাঁটুতে আঘাত পেলেও বেঙ্কটেশ নিজের স্বাভাবিক খেলা থেকে সরে আসেননি। বরং আরও আগ্রাসী হয়ে ওঠেন। একের পর এক বাউন্ডারি ও বড় শটে গুজরাতের বোলিং আক্রমণকে ছত্রভঙ্গ করে দেন তিনি।
অন্যদিকে কোহলি শুরুতে খানিকটা সময় নিলেও দ্রুত নিজের ছন্দ খুঁজে পান। কাগিসো রাবাডার একটি ওভারেই তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। মাত্র ২১ বলে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে ওঠে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বেঙ্গালুরু ৭০ রান তুলে ফেলে, যা কার্যত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।
১৬ বলে ৩২ রান করে বেঙ্কটেশ আউট হওয়ার পর কিছুটা আশা জাগে গুজরাত শিবিরে। দেবদত্ত পাডিক্কলও দ্রুত ফিরে যান। কিন্তু কোহলির উপস্থিতি গুজরাতের জন্য বড় চিন্তার কারণ হয়ে থাকে। রশিদ খান মাঝের ওভারে রজত পাটীদার ও ক্রুণাল পাণ্ড্যকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফেরানোর চেষ্টা করেন। তবে কোহলি ছিলেন সম্পূর্ণ ভিন্ন মেজাজে।
রান তাড়ার শিল্পে তাঁর দক্ষতা আবারও চোখে পড়ে। প্রয়োজনীয় রানরেট কখনও চাপের জায়গায় পৌঁছাতে দেননি। নির্দিষ্ট বোলারদের লক্ষ্য করে আক্রমণ, ফাঁকা জায়গায় বল পাঠানো এবং ঝুঁকি ও সংযমের নিখুঁত মিশ্রণে এগিয়ে নিয়ে যান দলকে। মাত্র ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। আইপিএল ক্যারিয়ারের অন্যতম দ্রুততম ফিফটিগুলির একটি আসে এই গুরুত্বপূর্ণ মঞ্চে।
পঞ্চম উইকেটে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে ম্যাচের শেষ ধাপটুকু সহজ করে দেন কোহলি। ডেভিডের ২৪ রানের ক্যামিও বেঙ্গালুরুর জয়ের রাস্তা আরও মসৃণ করে দেয়। একবার মাত্র জীবন পান কোহলি, যখন শুভমন গিল তাঁর একটি কঠিন ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন। সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগান তিনি।
শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে ছক্কা হাঁকিয়েই ম্যাচ শেষ করেন কোহলি। ১২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বেঙ্গালুরু। তাঁর ব্যাট থেকে আসে এক চ্যাম্পিয়নের ইনিংস, যা আবারও বড় মঞ্চে তাঁর মানসিক দৃঢ়তার প্রমাণ দিল।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা শুরু থেকেই বুঝিয়ে দেন দলের পেসাররা। গুজরাতের সবচেয়ে বড় ভরসা শুভমন গিল ও সাই সুদর্শনকে বিশেষ পরিকল্পনায় বেঁধে ফেলেন জশ হেজ়লউড ও ভুবনেশ্বর কুমার।
দুই বোলারই নিয়মিত লেংথ বলের পরিবর্তে শর্ট বলের কৌশল নেন। তাতেই সফলতা আসে। ১০ রান করে শুভমন এবং ১২ রান করে সুদর্শন ফিরে গেলে শুরুতেই ধাক্কা খায় গুজরাত। এরপর জস বাটলার, নিশান্ত সিন্ধু, রাহুল তেওতিয়াদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
মাঝের ওভারগুলোতে গুজরাতের ব্যাটিং সম্পূর্ণ গতি হারিয়ে ফেলে। পাওয়ার প্লের পর দীর্ঘ সময় কোনও বাউন্ডারি না আসায় চাপ বাড়তে থাকে। একমাত্র ওয়াশিংটন সুন্দর শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। একটি জীবন পাওয়ার পর তিনি দায়িত্বশীল ব্যাটিং করেন এবং ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় তাঁর ইনিংস দলকে বড় স্কোরে পৌঁছে দিতে পারেনি।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে গুজরাতের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। বেঙ্গালুরুর হয়ে রাসিখ দার তিনটি উইকেট নেন। হেজ়লউড ও ভুবনেশ্বর দুটি করে উইকেট শিকার করেন। তাঁদের বোলিংয়েই ম্যাচের ভিত তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত সেই ভিতের উপর দাঁড়িয়েই ব্যাট হাতে কাজ শেষ করেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে নয়, তাঁর ব্যাটের জাদুতেই আবারও আইপিএলের মুকুট উঠল বেঙ্গালুরুর মাথায়। গুজরাতের দুর্গে দাঁড়িয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে বেঙ্গালুরু শুধু চ্যাম্পিয়নই হয়নি, তারা প্রমাণ করেছে—চ্যাম্পিয়নরা চাপের মুহূর্তে নিজেদের সেরাটাই তুলে ধরে।
আরও পড়ুনঃ নির্বাচন-পরবর্তী অশান্তি নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী, অভিষেক-কল্যাণের ওপর হামলায় বিজেপিকে নিশানা
- More Stories On :
- IPL 2026
- Champion
- Virat Kohli
- RCB

