• ৯ অগ্রহায়ণ ১৪৩৩, রবিবার ২৯ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

কলকাতা

কলকাতা

মারণ রোগের বিরুদ্ধে ঋত্ত্বিকার লড়াইয়ে সহযোদ্ধা যুবযোদ্ধারা

রক্তদান জীবনদান। বহু পরিচিত এই কথাকে মাথায় রেখে ফুটফুটে শিশুর কঠিন জীবন সংগ্রামে তার সহযোদ্ধা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার যুবশক্তি কর্মসূচিতে সামিল যুবযোদ্ধারা। ঋত্ত্বিকা দত্ত। বয়স ৯ বছর ৭ মাস। ফুটফুটে এই শিশুকে লড়াই চালাতে হচ্ছে মারণ রোগের সঙ্গে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলছে। ২৫০ ইউনিট রক্ত দরকার। প্রতি সপ্তাহে দরকার ২০ ইউনিট রক্ত। রক্ত জোগাড়ে হিমশিম খাচ্ছেন ঋত্ত্বিকার বাবা। পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই খবর পৌঁছায় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কানে। সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দেন যুবযোদ্ধাদের মধ্যে থেকেই রক্তদাতা খুঁজে বের করতে। শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি শান্তনু। বৃষ্টি মাথায় করেই সৌরভ ও ২৫ জন যুবযোদ্ধাকে নিয়ে শান্তনু বুধবার ২৩ সেপ্টেম্বর পৌঁছে যান কলকাতার ওই হাসপাতালে। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। ছোট্ট ঋত্ত্বিকার হাতে উপহার তুলে দিয়ে মিঠুনবাবু ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন, রক্ত নিয়ে দুশ্চিন্তা করবেন না। ঋত্ত্বিকা যতদিন না সুস্থ হচ্ছে, চিকিৎসকরা যতদিন রক্ত দিতে বলবেন সেই দায়িত্ব আমরা নিলাম। শান্তনুর এই প্রশংসনীয় মানবিক উদ্যোগ যেন আরও একবার দেখিয়ে দিল অভিষেকের বাংলার যুবশক্তি কর্মসূচির সার্থকতা।

সেপ্টেম্বর ২৩, ২০২০
কলকাতা

কৃষি বিলের প্রতিবাদে পথে তৃণমূল

সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে কৃষি বিল পাশ করানোয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজ, ভোজ্য তেলকে অত্যাবশ্যকীয় পণ্যের থেকে বাদ দেওয়ার বিলও মঙ্গলবার ২২ সেপ্টেম্বর পাশ করিয়ে নেওয়া হয়েছে। কৃষি বিলকে করোনা আবহে মরোনা বিল বলে কটাক্ষ করে কৃষকদের স্বার্থরক্ষায় দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে এদিন তৃণমূলের মহিলা শাখা মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালাল। ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, কৃষ্ণা চক্রবর্তী-সহ তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ‌। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে যোগ দেন তৃণমূলের মহিলা কর্মীরাও। চন্দ্রিমাদেবী বলেন, আমাদের সাংসদ-সহ বিরোধী সাংসদদের সাসপেন্ড করা যেতে পারে। কিন্তু দেশের মানুষকে চুপ করানো যাবে না। গায়ের জোরে কৃষি বিল পাশ করালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষকদের পাশে থেকে তৃণমূলের আন্দোলন চলবে। বুধবার এই ইস্যুতেই কলকাতায় মিছিল ও সভা করবে তৃণমূল ছাত্র পরিষদ। বেলা আড়াইটেয় সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে যাবে গান্ধী মূর্তি অবধি। মিছিল শেষে সেখানেই হবে প্রতিবাদ সভা।

সেপ্টেম্বর ২২, ২০২০
কলকাতা

রাজ্যপালের চিঠির জবাব মুখ্যমন্ত্রীর জোড়া চিঠিতেই

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সোমবার ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি মঙ্গলবার ২২ সেপ্টেম্বর টুইটারে পোস্ট করে ফের রাজ্যের সমালোচনায় মুখর রাজ্যপাল। কৃষকদের জন্য মুখ্যমন্ত্রীর উদ্বেগ কুমিরের কান্না বলেও কটাক্ষ। এদিন টুইটারে রাজ্যপাল লেখেন, পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ চাষি ৮৪০০ কোটি টাকার সুবিধা পেলেন না কেন? পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন যোগ দিলেন না? যোগ দিলে আজ প্রত্যেক চাষিভাইয়ের ব্যাঙ্কে ১২ হাজার টাকা জমা পড়ত। মুখ্যমন্ত্রী মহোদয়া আপনার কুমির কান্নায় চাষির দুঃখ ঘুচবে না!! পশ্চিমবঙ্গ ছাড়া দেশের চাষিরা পিএম-কিষাণ প্রকল্পে প্রভূত সুবিধা পেয়েছেন। এখনও পর্যন্ত ৯২ হাজার কোটি টাকা চাষিদের দেওয়া হয়েছে। রাজ্যের চাষিদের প্রতি এই অবিচার আপনার সংকীর্ণ রাজনীতি ও দুর্বল অর্থনীতির পরিচায়ক?? এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অকর্মণ্যতার জন্য কেন্দ্রীয় সরকারের ঘোষিত ৩.৫ লক্ষ কোটির করোনা প্যাকেজের মধ্যে ৩০ হাজার কোটি টাকাও পায়নি পশ্চিমবঙ্গ। আশা করব, মুখ্যমন্ত্রী মহোদয়া পিএম-কিষাণের সুবিধা যাতে বাংলার চাষিরা পান সেজন্য পদক্ষেপ করবেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে লেখা মুখ্যমন্ত্রীর দুটি চিঠি প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ও আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু না করা নিয়ে বিজেপি ও রাজ্যপালের বক্তব্য খণ্ডন করা হয়েছে চিঠি দুটিতেই। কেন্দ্রের ওই দুই প্রকল্পের প্রয়োগ পদ্ধতি নিয়ে যেমন পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই ওই দুই প্রকল্পের আগে চালু হওয়া রাজ্যের প্রকল্পগুলি কোথায় এগিয়ে তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কিষান সম্মান নিধি চালুতে আপত্তি নেই রাজ্যের। তবে কেন্দ্র এই প্রকল্প চালুর অনেক আগেই বাংলায় চালু হয়েছে কৃষকবন্ধু প্রকল্প। এতে কৃষকদের সঙ্গে ভাগচাষিরাও উপকৃত হচ্ছেন। তাঁদের ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কারও মৃত্যু হলে ২ লক্ষ টাকা দেওয়া হয়। ৭৩ লক্ষ কৃষক ও ভাগচাষি এই প্রকল্পের আওতায় আছেন। শস্যবিমার পুরো প্রিমিয়াম রাজ্য সরকার দেয়, কোনও কৃষককে তা দিতে হয় না। এ ছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানা সুবিধা কৃষকদের প্রদান করা হচ্ছে। তা সত্ত্বেও পিএম কিষান নিধি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব যদি রাজ্যের বরাদ্দ অর্থ রাজ্য সরকারকে সরাসরি দেওয়া হয়। তাহলে রাজ্যের ব্যবস্থাপনাতেই ওই প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। হর্ষ বর্ধনকে একই দিনে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছেন সাড়ে ৭ কোটি মানুষ। বেসরকারি হাসপাতালে জটিল অসুখের চিকিৎসায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার ব্যবস্থা রয়েছে। সারা দেশে স্বাস্থ্যসাথীর মতো আয়ুষ্মান ভারত প্রকল্পেও চিকিৎসার খরচের ১০০ শতাংশ সরকারের বহনের পক্ষে সওয়াল করে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রী ভোঁতা করে দিলেন বলেই মত রাজনৈতিক মহলের।

সেপ্টেম্বর ২২, ২০২০
কলকাতা

সাইবার সেলের দ্বারস্থ সাংসদ নুসরত

কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ নুরসরত জাহান রুহি। ফ্যান্সি ইউ নামের একটি ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপনে নুসরতের ছবি ব্যবহার করা হয়েছে। এটা নজরে আসতেই সোমবার ২১ সেপ্টেম্বর নুসরত টুইটে লেখেন, এভাবে সম্মতি ছাড়া ছবি ব্যবহার একেবারেই মেনে নেওয়া যায় না। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। আইনি পথে বিষয়টি নিয়ে যত দূর যেতে হয় যাব।

সেপ্টেম্বর ২১, ২০২০
কলকাতা

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা, বিধাননগর-সহ রাজ্যজুড়ে ডেঙ্গু বিজয় অভিযান

করোনা মোকাবিলার মধ্যেও যাতে ডেঙ্গু, ম্যালেরিয়া-সহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিভিন্ন কর্পোরেশন ও পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই বৈঠকে স্থির হয়, ২০ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযান পালিত হবে। সেইমতো রবিবার ২০ সেপ্টেম্বর কলকাতা কর্পোরেশনের ৮২ নং ওয়ার্ডে চেতলায় প্রশাসক ফিরহাদ হাকিমের নেতৃত্বে ডেঙ্গু বিজয় অভিযান শুরু হয়। মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন ছিলেন উত্তর ২৪ পরগনা নিয়েও। যদিও চলতি বছরের পরিসংখ্যান স্বস্তিতেই রাখছে। এদিন বিধাননগর কর্পোরেশনের প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীর নেতৃত্বে বিধাননগরের প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযান পালিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামতো স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীদের পাশাপাশি এই কর্মসূচিতে সামিল হন এলাকাবাসীরাও। মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়, ব্লিচিং ছড়ানো হয়, জঙ্গল কেটে পরিষ্কার করা হয়। কৃষ্ণা চক্রবর্তী জানান, ডেঙ্গু-সহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় কাজ সব সময় চলে। তবু বিশেষ ড্রাইভ দিতে বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী। সে কারণে এই দিনটিকে বেছে নিয়ে এই কর্মসূচি চলছে। গত বছর এই সময়ে বিধাননগরে দুই শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, এবার সেই সংখ্যা মাত্র ১৬। আসলে করোনা মোকাবিলায় যেভাবে কাজ হয়েছে তাতে বিভিন্ন রোগ ছড়ানো মশা নিধন ভালোভাবেই হয়েছে। তার সুফল মিলছে বলেই অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রয়েছে। যদিও আত্মতুষ্টির জায়গা নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে বছরভর মানুষকে সুস্থ রাখা, ভালো রাখার বিষয়টি নিশ্চিত করতে সতর্ক থেকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

সেপ্টেম্বর ২০, ২০২০
কলকাতা

ধর্মীয় সুড়সুড়ি বাংলায় কাজ করে না: ফিরহাদ

বাংলার বিশ্বজননীকে বিশ্বস্তরে নিয়ে গিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদ বা মহরমের জন্য বিসর্জন পিছিয়ে যাওয়া-সহ অনেকরকম অপপ্রচার চলছে। তবে জেনে রাখুন, বাংলায় পুজো, ইদ, মহরম একসঙ্গে হতে পারে, এটাই বাংলার কৃষ্টি। ধর্মীয় সুড়সুড়ি উত্তরপ্রদেশে কাজে দিতে পারে, বাংলায় ও সব চলে না। ছোটো করে হলেও বাংলায় ফিরহাদ হাকিম দুর্গাপুজো করে থাকে। রবিবার ২০ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ফোরাম ফর দুর্গোৎসব আয়োজিত মায়ের জন্য রক্তদানের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের প্রাণের পুজো বাংলায় হবে। কীভাবে হবে সে ব্যাপারে ২৫ সেপ্টেম্বর আমাদের দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী। পুজো সংগঠকরাও অনেক সামাজিক কাজ করে থাকে। যাঁরা রক্তদান করছেন নমাজ পাঠ বা পুজো করার চেয়েও তা বেশি পবিত্র কাজ। রক্তের কোনও ধর্ম নেই, রক্তের গ্রুপ আসল। ফিরহাদ হাকিমের রক্ত যেমন কোনও পুরোহিতের লাগতে পারে, তেমন অরূপ বিশ্বাসের রক্ত বাঁচাতে পারে কোনও ইমামকে। ফিরহাদ ছাড়াও এদিন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মালা রায়, প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার প্রমুখ।

সেপ্টেম্বর ২০, ২০২০
কলকাতা

পূর্বা দাম প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী পূর্বা দাম প্রয়াত। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লিখেছেন, এই বিশিষ্ট শিল্পীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৫ বছর। পূর্বা দাম আশির দশকে সমসাময়িক কালের অন্যতম প্রধান রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেন। রাজ্য সরকার তাঁকে ২০১৩ সালে 'সঙ্গীত সম্মান' প্রদান করেছে।তাঁর সঙ্গে আমার বিশেষ হৃদ্যতার সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রবীন্দ্রসংগীত জগতে এক শূন্যতার সৃষ্টি হলো। আমি পূর্বা দামের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সেপ্টেম্বর ১৯, ২০২০
কলকাতা

EXCLUSIVE: অভিজাত আবাসনে কার ফ্ল্যাট? জোর জল্পনা

কলকাতা কর্পোরেশনের ১ নং ওয়ার্ড। কাশীপুর থানার অধীনে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় মরকতকুঞ্জ ক্যাম্পাসের অনতিদূরে বি টি রোডে এই অভিজাত আবাসন। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এখানে ফ্ল্যাটের দাম অন্তত এক কোটি টাকা থেকে শুরু। কিছু পরিবার অল্প দিনের মধ্যে আবাসনে এলেও সব ফ্ল্যাট বিক্রি হয়নি। এখানকারই টাওয়ার ১-এর ফ্ল্যাট নং ৫সি ঘিরে এখন আলোচনা তুঙ্গে। সরব বিরোধীরা। শাসক শিবিরেও চাঞ্চল্য। কেন না, অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার এক বিধায়কের ফ্ল্যাট এটি। সপুত্র তিনি এখানে থাকেন। তাঁর পুত্রও রাজনীতির সঙ্গে যুক্ত। যদিও এই ফ্ল্যাটটির যা দাম তা ওই বিধায়কের আয় বা সম্পত্তির সঙ্গে সামঞ্জস্যহীন বলেই অভিযোগ। (অভিযোগের সত্যতা যাচাই জনতার কথাও নিশ্চিতভাবেই করবে। সেই খবর আমরা করব। তবে তার আগে আপাতত জনস্বার্থে অভিযোগের কথা তুলে ধরা হলো।) যদিও প্রাথমিকভাবে ওই বিধায়ক ঘনিষ্ঠমহলে বলেছেন, আমার কলকাতায় কোনও ফ্ল্যাট নেই, ঘরের শত্রু বিভীষণরা এ সব রটাচ্ছে! প্রশান্ত কিশোর বেশ কয়েক মাস আগেই তৃণমূলের জনপ্রতিনিধিদের বলেছেন, বৈভব না দেখিয়ে মানুষের কাছে যেতে। কিন্তু রাজ্যে শাসক দলের বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো মারাত্মক! নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা বলছেন, ওই বিধায়কের জেলাতেও তাঁর আত্মীয়র নামে তথা বেনামে প্রচুর সম্পত্তি আছে। তবে অভিযোগ যখন উঠেছে এবং ওই আবাসনে সপুত্র বিধায়ককে দেখা গিয়েছে তখন সত্যি বিষয়টি দলের খতিয়ে দেখা উচিৎ। কয়েকটি বিষয় সত্যিই ভাবার। ১) যদি এই সম্পত্তির মালিক ওই বিধায়ক বা তাঁর পুত্র হন, তবে তাঁদের আয়ের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ কিনা। ২) দেখা দরকার কার নামে কেনা? বেনামি সম্পত্তি কিনা। ৩) যদি দুটোর কোনওটাই না হয় তাহলে সপুত্র ওই বিধায়ক ওখানে মাঝেমধ্যেই থাকেন কোন সমীকরণে? একজন জেলার সাধারণ বিধায়কের এমন অভিজাত আবাসনে ফ্ল্যাট কেনা কি বৈভবের প্রকাশ নয়? বিধানসভা ভোটের আগে অভিযোগের সারবত্তা খতিয়ে দেখার দরকার শাসক দলের। নয়তো বাম আমলে নেতাদের ফুলেফেঁপে ওঠা সম্পত্তি দেখে যেমন রাজ্যবাসীর চক্ষু চড়কগাছ হয়েছিল, ফের তার পুনরাবৃত্তি হতেই পারে। ওই তৃণমূল নেতার আক্ষেপ, দিদিকে দেখেও এঁরা শেখেন না কেন? শুধু ব্যানারে দিদির নীচে নিজেদের ছবি না লাগিয়ে তাঁর আদর্শ মেনে চলতে শেখা দরকার। তাহলে সেটা দলেরই ভালো।

সেপ্টেম্বর ১৭, ২০২০
কলকাতা

পুরোহিতদের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজো নিয়েও দিলেন স্পষ্ট ইঙ্গিত

সনাতনী ধর্মের তীর্থস্থান হবে কোলাঘাটে। এ জন্য ১ টাকায় জমি দিয়েছে রাজ্য সরকার। আমার কাছে সনাতনী হিন্দুধর্মের প্রতিনিধিরা এসেছিলেন, কথা বলেছি। তাঁরা বলেছেন, সনাতন ধর্মের অনেক ব্রাহ্মণ পুরোহিত আর্থিক দুরবস্থায় রয়েছেন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্তত ৮ হাজার দরিদ্র পুরোহিতকে পুজোর মাস থেকে ১ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। বাড়ি যাঁদের নেই, তাঁদের আবাস যোজনায় বাড়ি করে দেওয়া হবে। এটাকে কেউ অন্যভাবে দেখবেন না। ওয়াকফ বোর্ড তাঁদের তহবিল থেকে ইমাম-মোয়াজ্জেনদের ভাতা দেয়। আমার কাছে সব ধর্ম সমান। কারও কোনও প্রয়োজন থাকলে সরকার পাশে থাকবে। সব ধর্মের মানুষজনকেই সাহায্য করতে প্রস্তুত সরকার। সোমবার ১৪ সেপ্টেম্বর নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, কালীঘাটে স্কাইওয়াক হচ্ছে। নবদ্বীপ, কোচবিহারকে হেরিটেজ টাউন গড়ার কাজ চলছে। নবদ্বীপে সংস্কৃতিচর্চা কেন্দ্র হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক হবে। ইতিমধ্যেই পুজো নিয়ে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের প্রস্তাব জমা পড়েছে। ঠাকুরের জায়গাটুকু ঘুরে প্যান্ডেল খোলা রাখতে বলা হয়েছে, যাতে হাওয়া চলাচল করে। প্যান্ডেলে কীভাবে, কত মানুষ ঢুকবেন, কীভাবে অঞ্জলি হবে তা পরে ঠিক করা হবে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন করোনা চলে গেছে, মিটিং মিছিল করব। এরা কোনও নিয়ম মানছে না! ছাই থেকেও আগুন জ্বলে উঠে সব শেষ করে দেয়। করোনা সংক্মণেরর দ্বিতীয় ঢেউ এলে যাতে সামলানো যায় সেজন্য প্রস্তুত থাকতে হবে। হিন্দি দিবসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২০১১ সালে রাজ্য সরকার হিন্দি আকাদেমি গঠন করেছিল। এখন তার কাজ ব্যাপকভাবে করতে হবে। তাই বিবেক গুপ্তার নেতৃত্বে হিন্দি আকাদেমি পুনর্গঠন করা হলো। বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা কোনও ভাষাকেই অবজ্ঞা করি না। দলিত সাহিত্য আকাদেমি গঠনের কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সেপ্টেম্বর ১৭, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 104
  • 105
  • 106
  • 107
  • ›

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

আকাশ দীপের ৫ উইকেটেও লাভ হল না! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে ভারত, ফলোঅন বাঁচানোর লড়াই

বাংলার আকাশ দীপের দুরন্ত বোলিংয়েও শেষরক্ষা হল না ভারতের। তাঁর পাঁচ উইকেটের সুবাদে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৫৬ রানে। কিন্তু ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। একের পর এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ১১৬। ফলে এখনও ২৪০ রানে পিছিয়ে শুভমান গিলের দল। ফলোঅন এড়ানোর জন্য এখন লড়াই করতে হবে ভারতকে। অন্য দিকে, বল হাতে ফের হতাশ করলেন জশপ্রীত বুমরাহ। ২৬ ওভার বল করেও কোনও উইকেট পেলেন না তিনি।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৯৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন আকাশ দীপ। শুক্রবার প্রথম দিনে দুটি উইকেট নেওয়ার পর শনিবার আরও তিনটি উইকেট তুলে নেন বাংলার এই পেসার। এর ফলে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ভারতীয় পেসারদের তালিকায় পঞ্চম হলেন আকাশ। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে মদনলাল, জাভাগল শ্রীনাথ, জাহির খান এবং ইশান্ত শর্মার।আকাশের পারফরম্যান্সে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সমাজমাধ্যমে আকাশের প্রশংসা করে তিনি লেখেন, দুর্দান্ত পারফরম্যান্স। টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছে আকাশ। অত্যন্ত পরিশ্রমী এই ক্রিকেটার ভবিষ্যতে আরও সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেন সৌরভ।অন্য দিকে, বুমরাহর উইকেট না পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। ২৬ ওভার বল করে ছটি মেডেন-সহ ৪৯ রান দিয়েছেন তিনি। কিন্তু কোনও উইকেট পাননি। ভারতীয় বোলিংয়ের অন্যতম প্রধান ভরসা বুমরাহ। তাঁর কাছ থেকে উইকেটের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে। তাই এই পারফরম্যান্স ভারতীয় শিবিরের কাছে চিন্তার কারণ।তবে টেস্টের প্রথম ইনিংসে ২৬ ওভার বল করেও উইকেট না পাওয়ার ঘটনা বুমরাহর ক্ষেত্রে নতুন নয়। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৬ ওভার বল করে ৫৭ রান দিয়েছিলেন তিনি। সেখানেও কোনও উইকেট পাননি। একই বছরে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেও ২৬ ওভার বল করে ৭৯ রান দিয়েছিলেন বুমরাহ। সেখানেও উইকেট পাননি তিনি। অর্থাৎ, টেস্টের প্রথম ইনিংসে ২৬ ওভার বল করে উইকেট না পাওয়ার ঘটনা এই নিয়ে তিন বার। তিন বারই ওভারের সংখ্যা ২৬।এ দিকে, নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। তাঁর বিরুদ্ধে প্রথম কয়েকটি বলে অফ স্টাম্পের বাইরে বল রেখে চাপ তৈরি করেন হেনরি। পরে ভিতরের দিকে আসা একটি বলে পরাস্ত হন যশস্বী। তখনও ভারতের রান ওঠেনি।এর পর কেএল রাহুল এবং দেবদত্ত পাড়িক্কল কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজনে মিলে ৩৩ রানের জুটি গড়েন। কিন্তু সেই জুটি ভেঙে দেন কাইল জেমিসন। তাঁর বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পিছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন পাড়িক্কল। ২১ রান করে ফেরেন তিনি। ৩৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।এর পর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শুভমান গিলও। জেমিসনের শর্ট বলের পরের ডেলিভারিতে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে স্লিপে টম লাথামের হাতে ক্যাচ দেন তিনি। ১৭ রান করে ফেরেন গিল। চা পানের বিরতির আগে ভারতের রান ছিল তিন উইকেটে ৫৯।বিরতির পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। আক্রমণাত্মক শট খেলতে গিয়ে জেকব ডাফির বলে আউট হন ঋষভ পন্থ। ২৩ রান করে ফেরেন তিনি। দুর্দান্ত ক্যাচ নেন কাইল জেমিসন। এর পর দলের হয়ে লড়াই চালিয়ে যাওয়া রাহুলও আউট হন। ডাফির বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন তিনি। তাঁর সংগ্রহ ২৫ রান।শেষ দিকে ওয়াশিংটন সুন্দরও ফিরে যান। ফলে দিনের শেষে ভারতের রান দাঁড়ায় ৬ উইকেটে ১১৬। নিউজিল্যান্ডের হয়ে জেকব ডাফি ২১ রান দিয়ে দুটি এবং কাইল জেমিসন ৩৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। ম্যাট হেনরি ও নাথান স্মিথ একটি করে উইকেট পেয়েছেন।শনিবার সকালে পাঁচ উইকেটে ২৪৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। আগের দিন অপরাজিত থাকা টম ব্লান্ডেল ৮৯ রান করে আউট হন। গ্লেন ফিলিপস দিনের দ্বিতীয় ওভারেই অংশুল কম্বোজের বলে ফিরে যান। তিনি করেন ৩৬ রান। নাথান স্মিথের ব্যাট থেকে আসে ২৬ রান। কাইল জেমিসন এবং ম্যাট হেনরি ১৯ রান করে করেন। জেকব ডাফি দুরানে অপরাজিত থাকেন।আকাশ দীপ পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অভিষেককারী গুরনুর ব্রার এবং অংশুল কম্বোজ দুটি করে উইকেট পেয়েছেন। গুরনুর ৭৮ রান এবং কম্বোজ ৭৯ রান দিয়ে দুটি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর পান একটি উইকেট।ভারতীয় বোলারদের বিরুদ্ধে আরও একটি পরিসংখ্যান উঠে এসেছে। প্রথম ইনিংসে মোট ১৩টি নো বল করেছে ভারত। যা দলের বোলিংয়ের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। কোচ গৌতম গম্ভীরের আমলে ভারতীয় বোলিংয়ের এই দিকটিও নতুন করে আলোচনায় এসেছে।দ্বিতীয় দিনের শেষে সব দিক থেকেই এগিয়ে নিউজিল্যান্ড। এক দিকে ৩৫৬ রানের বড় ইনিংস, অন্য দিকে ভারতের ব্যাটিং বিপর্যয়। আকাশ দীপের লড়াই সত্ত্বেও ম্যাচে ফিরতে হলে তৃতীয় দিনে বড় প্রতিরোধ গড়তে হবে শুভমান গিলদের।

নভেম্বর ২৮, ২০২৬
দেশ

বিরোধীদের ইস্তফার দাবি, উল্টে জ্ঞানেশ কুমারই পেতে পারেন বড় দায়িত্ব! কী পরিকল্পনা কেন্দ্রের?

এসআইআর বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে সরব হয়েছিল বিরোধী শিবির। তাঁর বিরুদ্ধে ১৯৩ জন সাংসদ চিঠি দিয়েছিলেন। তবে বিরোধীদের সেই দাবি পূরণ হয়নি। বরং এ বার আরও বড় দায়িত্ব পেতে পারেন জ্ঞানেশ কুমার। আসন্ন বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ হলে দেশের নতুন নির্বাচনী মানচিত্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।গত এপ্রিল মাসে লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল আনা হয়েছিল। তবে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় সেই বিল পাশ করানো সম্ভব হয়নি। এ বার রাজ্যগুলির দাবি মেনে নতুন প্রস্তাব আনার পরিকল্পনা করা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। পাশাপাশি আগামী ২৫ বছর আসন পুনর্বিন্যাস বন্ধ রাখার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে রাজ্যগুলির লোকসভা আসনের সংখ্যায় আর কোনও পরিবর্তন হবে না।নতুন প্রস্তাব অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের কাজ পরিচালনা করবে একটি বিশেষ কমিশন। সুপ্রিম কোর্টের এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের নেতৃত্বে থাকবেন। কমিশনের অন্য সদস্যদের মধ্যে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনের মনোনীত কোনও এক জন নির্বাচন কমিশনার। এ ছাড়াও বিভিন্ন রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনাররা এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের মেয়াদ রয়েছে ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত। ওই বছরই পরবর্তী লোকসভা নির্বাচন হওয়ার কথা। ফলে তার আগে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। সেই কারণেই এই প্রক্রিয়ায় জ্ঞানেশ কুমারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।আসন পুনর্বিন্যাস সংক্রান্ত দ্বিতীয় বিল, ২০২৬-এ কমিশনের মেয়াদ নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ, কত দিন ধরে কমিশন কাজ করবে, তা ঠিক করবে কেন্দ্র।বিলে আরও বলা হয়েছে, প্রতিটি রাজ্যের ক্ষেত্রে কমিশনকে সাহায্য করার জন্য ১০ জন সদস্যকে যুক্ত করা হবে। তাঁদের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের পাঁচ জন লোকসভার সাংসদ এবং পাঁচ জন বিধায়ক থাকবেন।তবে এই সাংসদ ও বিধায়কদের কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনও ভোটাধিকার থাকবে না। এমনকি কমিশনের কোনও সিদ্ধান্তে তাঁদের স্বাক্ষর করার অধিকারও থাকবে না। তাঁরা শুধুমাত্র কমিশনকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা করবেন।সব মিলিয়ে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নতুন প্রস্তাব ঘিরে জাতীয় রাজনীতিতে জল্পনা বাড়ছে। বিলটি পাশ হলে দেশের নির্বাচনী মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। সেই প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ২৮, ২০২৬
দেশ

আসন পুনর্বিন্যাস বিল ঘিরে বড় ধাক্কা বিরোধী শিবিরে! রাহুলের পাশ থেকে একে একে সরে যাচ্ছেন শরিকরা?

সামনেই আসন পুনর্বিন্যাসের লড়াই। কিন্তু সেই লড়াইয়ে নামার আগেই কি ভাঙনের মুখে বিরোধীদের ইন্ডি জোট? গত এপ্রিল মাসে সংসদে একটি বিল আটকে দিয়ে বিরোধীরা নিজেদের বড় সাফল্য বলে দাবি করেছিল। সেই সময় থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী আন্দোলন নতুন গতি পেয়েছিল। কিন্তু মাত্র ছমাসের মধ্যে বদলে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতি। জোটের একাধিক শরিকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। ফলে আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় বিরোধীরা কতটা একজোট থাকতে পারবে, তা নিয়েই প্রশ্ন উঠছে।গত কয়েক মাসে একের পর এক শরিক দলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অবনতি হয়েছে। আম আদমি পার্টি এবং ডিএমকে-র সঙ্গে দূরত্ব বেড়েছে রাহুল গান্ধীদের। তৃণমূলেও বড় ভাঙন দেখা দেওয়ায় সাংসদদের সংখ্যা কমেছে বলে দাবি করা হচ্ছে। অন্য দিকে, উদ্ধব ঠাকরের শিব সেনাও ভাঙনের মুখে পড়েছে।এর মধ্যেই আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। শরদ পওয়ারের দলও এই বিলের বিরোধিতায় কংগ্রেসের পাশে থাকছে না বলে জল্পনা ছড়িয়েছে। এমনকি শনিবারের বিরোধী জোটের বৈঠকেও তাদের প্রতিনিধিরা যোগ দেননি। সূত্রের দাবি, শরদ পওয়ারের দল এ বার শাসক শিবিরের দিকে ঝুঁকতে পারে। এমনকি সুপ্রিয়া সুলের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এই জল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।এই পরিস্থিতিতে শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসে ইন্ডি জোটের শরিকেরা। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামজি লাল সুমন এবং আরজেডির মনোজ ঝা-সহ কয়েক জন নেতা। এ ছাড়াও উদ্ধব ঠাকরের শিব সেনা, মুসলিম লিগ এবং বাম দলগুলির প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। মোট ১২টি দলের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন।মূলত আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিরোধী শিবিরের মধ্যে যে আগের মতো ঐক্য নেই, তা স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।ডিএমকে-র অবস্থানও এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা বিলকে সমর্থন করার কথা জানিয়ে দেওয়ায় বিরোধী শিবিরের কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফলে সংসদে এই বিল আটকানোর মতো সংখ্যাগরিষ্ঠতা বিরোধীদের হাতে থাকবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।অন্য দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশের নারীশক্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিজেপি। আসন পুনর্বিন্যাস এবং মহিলাদের প্রতিনিধিত্বের বিষয়টি ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।এই পরিস্থিতিতে এক দিন আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছিলেন, কংগ্রেসের হাতে পর্যাপ্ত সাংসদ সংখ্যা থাকুক বা না থাকুক, আসন পুনর্বিন্যাস বিলের তীব্র বিরোধিতা করা হবে। অর্থাৎ সংসদে সংখ্যার নিরিখে বিরোধীরা পিছিয়ে থাকতে পারে, সেই আশঙ্কা কার্যত স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা।সব মিলিয়ে আসন পুনর্বিন্যাস বিল ঘিরে বিরোধীদের লড়াইয়ের আগে ইন্ডি জোটের অভ্যন্তরীণ টানাপড়েনই এখন বড় চর্চার বিষয়। একের পর এক শরিকের অবস্থান বদল এবং পারস্পরিক অবিশ্বাসের আবহে রাহুল গান্ধীরা কতটা ঐক্য ধরে রাখতে পারবেন, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৮, ২০২৬
রাজ্য

বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! ৫ শতাংশের বেশি টাকা নেওয়া যাবে না?

বেসরকারি স্কুলের ইচ্ছেমতো ফি বৃদ্ধি নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। অভিভাবকদের উপর বাড়তি আর্থিক চাপ কমাতে বড় পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। কোনও স্কুল অতিরিক্ত ফি নিয়ে থাকলে সেই টাকা ফেরত দিতে হবে। প্রয়োজনে পরের শিক্ষাবর্ষের ফি-র সঙ্গে তার হিসাব মিলিয়ে নিতে হবে। শিক্ষাকে কোনও ভাবেই ব্যবসায় পরিণত হতে দেওয়া হবে না বলেও বার্তা দেন তিনি।শুক্রবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। রাজ্যের প্রথম সারির বেসরকারি স্কুলগুলির প্রায় ৩৬০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছিল।মুখ্যমন্ত্রী জানান, সব বেসরকারি স্কুলের বিরুদ্ধে ফি বৃদ্ধির অভিযোগ নেই। তবে কয়েকটি স্কুল ৯ শতাংশ, ১২ শতাংশ এমনকি ১৫ শতাংশ পর্যন্ত ফি বাড়িয়েছে। আবার অনেক স্কুল ফি বাড়ায়নি। কলকাতার কয়েকটি পরিচিত স্কুল বছরে ৯ শতাংশ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার।সরকারের প্রস্তাব, বেসরকারি স্কুলগুলি বছরে ৫ শতাংশের বেশি ফি বাড়াতে পারবে না। ইতিমধ্যেই যে সব স্কুল অতিরিক্ত টাকা আদায় করেছে, তাদের সেই টাকার হিসাব মিটিয়ে দিতে হবে। প্রয়োজনে পরের শিক্ষাবর্ষের ফি-র সঙ্গে বাড়তি টাকার সমন্বয় করতে হবে।এই বিষয়টি খতিয়ে দেখতে তিন-চারটি দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরির পরিকল্পনা রয়েছে। ওই কমিটি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। আগামী শিক্ষাবর্ষ থেকে বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা বা বিধি চালু করতে চায় রাজ্য সরকার।বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের সাত-আটটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণের জন্য আইন রয়েছে। বিহারে বছরে সর্বোচ্চ ৭ শতাংশ ফি বৃদ্ধির নিয়মও রয়েছে। তবে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতি আলাদা। তাই অন্য রাজ্যের নিয়ম হুবহু এ রাজ্যে চালু করার পক্ষে নন তিনি।মুখ্যমন্ত্রীর আশা, আইন তৈরি করার প্রয়োজন হবে না। স্কুল কর্তৃপক্ষ এবং সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব হবে। তবে অভিভাবকদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো যাবে না, সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।এ ছাড়াও অভিভাবক ও বেসরকারি স্কুলগুলির সুবিধার জন্য দুটি নতুন পোর্টাল চালু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে স্কুলশিক্ষা দফতরের উদ্যোগে এই পোর্টালগুলি চালু হওয়ার কথা। একটি পোর্টাল ব্যবহার করতে পারবে বেসরকারি স্কুলগুলি। অন্যটি তৈরি করা হচ্ছে অভিভাবকদের জন্য।বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে সেই সমস্যার কতটা সমাধান হয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৮, ২০২৬
রাজ্য

বিয়েবাড়ির জন্য ১২০ কেজি খাসির মাংসের অর্ডার! রান্না করতে গিয়ে যা দেখলেন, তাতেই শোরগোল

বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ১২০ কেজি খাসির মাংস। অভিযোগ, সেই মাংসের সঙ্গেই মিশিয়ে দেওয়া হয়েছিল পচা মাংস। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। অভিযোগের ভিত্তিতে মাংসের দোকানের বিক্রেতাকে আটক করেছে পুলিশ। দোকান থেকে মাংসের নমুনা সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের বামুনের মোড় এলাকার একটি খাসির মাংসের দোকান থেকে ওই ১২০ কেজি মাংসের অর্ডার দেওয়া হয়েছিল। একটি পরিচিত মাংসের প্রতিষ্ঠানের নামে চলা দোকানটি এলাকায় বেশ জনপ্রিয়। কিন্তু বিয়েবাড়িতে রান্নার সময় বিপত্তি ঘটে। পরিবারের অভিযোগ, সরবরাহ করা মাংসের মধ্যে টাটকা মাংসের পাশাপাশি বেশ কিছু পচা মাংসও মিশিয়ে দেওয়া হয়েছিল।রান্নার সময় বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ পরিবারের লোকজন মাংস নিয়ে দোকানে ফিরে যান। প্রথমে তাঁদের অভিযোগ মানতে চাননি দোকানের বিক্রেতা। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে দোকানদার অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি ওই পরিবারের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ। দোকান থেকে সরবরাহ করা মাংসের নমুনা সংগ্রহ করা হয়। অভিযোগের ভিত্তিতে বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মাংসের নমুনা পরীক্ষার পরই অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।অন্য দিকে, খাবারের গুণমান ও নিরাপত্তা খতিয়ে দেখতে কাকদ্বীপের উকিলের বাজার এবং নামখানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। বিভিন্ন সবজি, মুদিখানা এবং খাবারের দোকানে গিয়ে জিনিসপত্রের দাম ও খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন আধিকারিকেরা।খাবারে কৃত্রিম রং বা ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হয়। এ বিষয়ে দোকানদারদের সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে।তবে এর মধ্যেই বিয়েবাড়ির জন্য সরবরাহ করা খাসির মাংসে পচা মাংস মেশানোর অভিযোগ সামনে আসায় উদ্বেগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মাংসের নমুনা পরীক্ষার রিপোর্টে কী উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

নভেম্বর ২৮, ২০২৬
কলকাতা

তপসিয়ায় তৃণমূলের নির্মীয়মাণ ভবনে পুলিশের ব্যারিকেড! হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হল প্রবেশপথ?

তপসিয়ায় তৃণমূলের নির্মীয়মাণ পার্টি অফিসের প্রবেশপথে ব্যারিকেড বসাল পুলিশ। আপাতত ওই ভবনে কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আনন্দপুর থানার পুলিশ সেখানে পৌঁছে ব্যারিকেড বসায়। শনিবার সকালেও ভবনের সামনে পুলিশ মোতায়েন ছিল। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর পুরনো তৃণমূল ভবন ভেঙে নতুন ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। বাইপাসের ক্যানাল রোডে একটি বহুতল আবাসনকে দলের কার্যালয় হিসেবে বেছে নেওয়া হয়। অন্য দিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে বড় ভাঙন দেখা দেয়। ঋতব্রতপন্থীরা বাইপাসের ক্যানাল রোডের কার্যালয়ের দখল নেন। অন্য দিকে, তপসিয়ার নির্মীয়মাণ ভবনটি রয়েছে মমতাপন্থীদের দখলে।সম্প্রতি সমাজমাধ্যমে তপসিয়ার ওই ভবনে জমায়েত করার ডাক দেওয়া হচ্ছিল। বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে। নির্মীয়মাণ ভবনে জমায়েত হলে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করে পুরসভা। এর পরেই আনন্দপুর থানার সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানানো হয়।পুরসভার সেই আর্জি মেনেই শুক্রবার সন্ধ্যায় ভবনে পৌঁছয় পুলিশ। ভবনে ঢোকার রাস্তা আটকে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। আচমকা কেন এই ব্যবস্থা নেওয়া হল, তা পুলিশের কাছে জানতে চান তাঁরা।পুলিশের তরফে জানানো হয়, পুরসভার অনুমতি ছাড়া আপাতত ভবনটি ব্যবহার করা যাবে না। তবে ঠিক কী কারণে ভবন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা স্পষ্ট নয় বলে দাবি করেছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। এই বিষয়ে পুলিশের কাছে চিঠি পাঠানোর পরিকল্পনা করছেন তাঁরা।অন্য দিকে, ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান বলেন, নির্মীয়মাণ ভবনে সভা করতে গিয়ে কোনও বিপদ ঘটলে তা ভালো হবে না। ওদের প্রতি প্রতিহিংসা দেখিয়ে কী লাভ? ওদের তো দলটাই নেই। এটা প্রশাসনের বিষয়।এই ঘটনায় বিজেপির বক্তব্যও সামনে এসেছে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এই সরকার কোনও বেনিয়ম সহ্য করবে না। কেন ভবনটি বন্ধ করা হয়েছে, তা জানতে প্রয়োজনে আদালতে যান।তপসিয়ার নির্মীয়মাণ তৃণমূল ভবনে আপাতত রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকছে। তবে পুলিশের এই পদক্ষেপের কারণ এবং ভবনটি ব্যবহারের অনুমতি নিয়ে বিতর্ক এখনও কাটেনি।

নভেম্বর ২৮, ২০২৬
কলকাতা

সাতসকালে এসআরএফটিআইয়ে ধুন্ধুমার! পুলিশের সামনেই মঞ্চ ভাঙার অভিযোগ, পড়ুয়াদের টেনেহিঁচড়ে সরাল কারা?

সাতসকালে উত্তপ্ত কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। শনিবার ভোরে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কয়েক জন বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তাঁদের আন্দোলনের মঞ্চ ভাঙতে শুরু করেন। বাধা দিতে গেলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ। এমনকি আন্দোলনের মঞ্চ ভাঙার কাজে পুলিশও সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে।প্রায় ৬২ দিন ধরে এসআরএফটিআই ক্যাম্পাসে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। উপাচার্যের পদত্যাগ-সহ একাধিক দাবিতে গত ২৭ সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের জেরে কার্যত অচল হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। ব্যাহত হয় পঠনপাঠনও। কিছু দিন আগে পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। পরবর্তী সময়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের বিরুদ্ধেও পড়ুয়াদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বজায় ছিল।শনিবার সকালে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের দাবি, ভোর ৬টা নাগাদ পুলিশ ক্যাম্পাসে ঢোকে। সেই সময় কয়েক জন বহিরাগত জোর করে আন্দোলনের মঞ্চ ভাঙতে শুরু করেন। পড়ুয়ারা বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, পুলিশও পড়ুয়াদের সরাতে বলপ্রয়োগ করে। কয়েক জন ছাত্র ও ছাত্রীকে টেনেহিঁচড়ে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।এদিকে, কয়েক জন ছাত্রীকে ক্যাম্পাসের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের অভিযোগ, নিজেদের থাকার ঘরে ফিরতেও দেওয়া হচ্ছে না। এক ছাত্রীর কথায়, আমি অন্য রাজ্যের বাসিন্দা। এখানে থাকার আর কোনও জায়গা নেই। পুলিশকে বার বার বলা সত্ত্বেও আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।এর মধ্যেই নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আন্দোলনরত ছাত্রীদের দাবি, গত দেড় থেকে দুমাস ধরে নিরাপত্তারক্ষীরা নিজেদের ব্যক্তিগত মোবাইল ফোনে তাঁদের ছবি ও ভিডিয়ো তুলছেন। কেন এই ভাবে ছবি তোলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এই আচরণ ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের পাশাপাশি যৌন হেনস্থার শামিল।এই ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকেই ইনস্টিটিউটের মূল ফটকের সামনে নতুন করে অবস্থান শুরু করেন পড়ুয়াদের একাংশ। নিরাপত্তারক্ষীদের ব্যক্তিগত ফোনে ছবি ও ভিডিয়ো তোলার নির্দেশ কে দিয়েছেন, তা জানতে উপাচার্যের কাছে জবাব চাইছেন তাঁরা।শনিবার সকালে আন্দোলনের মঞ্চ ভাঙার অভিযোগ এবং পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এসআরএফটিআই ক্যাম্পাসে। দীর্ঘ ৬২ দিনের আন্দোলনের পর পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সে দিকেই নজর রয়েছে।

নভেম্বর ২৮, ২০২৬
রাশিফল

শনিবারের রাশিফল: কর্ম, প্রেম ও অর্থভাগ্যে কোন রাশির কপালে কী রয়েছে?

আজকের দিনটি মোটের উপর আত্মবিশ্বাস, সম্পর্কের উন্নতি, কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং আর্থিক বিষয়ে সচেতন থাকার দিন। কারও জীবনে নতুন সুযোগ আসতে পারে, আবার কারও ক্ষেত্রে পুরনো কোনও সমস্যা নতুন করে ভাবনার কারণ হতে পারে।জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গ্রহগত ব্যাখ্যা অনুযায়ী, আজ আবেগের চেয়ে বিবেচনাবোধকে বেশি গুরুত্ব দেওয়া ভালো। বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত ও পারিবারিক আলোচনায় ধৈর্য রাখা প্রয়োজন।১২টি রাশির আজকের পূর্বাভাসঃ১. মেষ (Aries)কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক বিষয়ে সংযত আচরণ করুন। অর্থের ক্ষেত্রে হিসাব করে চলুন।২. বৃষ (Taurus)আর্থিক বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।৩. মিথুন (Gemini)কাজের ক্ষেত্রে কিছুটা ব্যস্ততা থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ ভুলে গেলে পারিবারিক অশান্তি হতে পারে। চাকরির সন্ধানকারীদের জন্য যোগাযোগের নতুন পথ খুলতে পারে।৪. কর্কট (Cancer)ব্যবসায় আর্থিক সুযোগ আসতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। পুরনো কোনও আইনি বা প্রশাসনিক বিষয়ে অগ্রগতি হতে পারে।৫. সিংহ (Leo)কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। তবে প্রতিটি কাজ শান্ত মাথায় পরিচালনা করুন। ব্যবসায় কিছু অতিরিক্ত খরচ হতে পারে।৬. কন্যা (Virgo)প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দিনটি ইতিবাচক। মনের কথা প্রকাশ করার সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনায় দিনের দ্বিতীয় ভাগ গুরুত্বপূর্ণ হতে পারে।৭. তুলা (Libra)কাজের চাপ কিছুটা মানসিক ক্লান্তি আনতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। কাছের মানুষের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।৮. বৃশ্চিক (Scorpio)ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। তবে সামান্য অসতর্কতায় সেই সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক বিষয়ে কোনও সুখবর পেতে পারেন।৯. ধনু (Sagittarius)ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও পারিবারিক খরচ বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণের পথে অগ্রগতি হতে পারে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।১০. মকর (Capricorn)কর্মক্ষেত্রে প্রশংসা ও স্বীকৃতি পেতে পারেন। তবে দায়িত্ব এবং কাজের চাপ বাড়বে। দূরে থাকা কোনও বন্ধুর কথা মনে পড়ে মন কিছুটা খারাপ হতে পারে।১১. কুম্ভ (Aquarius)প্রেমের সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া বাড়ানোর দিন। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। বাড়ির কোনও মেরামতি বা প্রয়োজনীয় কাজে অতিরিক্ত খরচ হতে পারে।১২. মীন (Pisces)নতুন কাজের প্রতি আগ্রহ বাড়বে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উৎসাহব্যঞ্জক হতে পারে।

নভেম্বর ২৮, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal