যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা একটি মূর্তি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। স্টেডিয়ামের ভিভিআইপি গেটের পাশেই থাকা এই মূর্তিটি তৈরি হয়েছিল তৃণমূল সরকারের আমলে। মূর্তিতে একটি পা থেকে কোমর পর্যন্ত অংশের উপরে বিশ্ববাংলার প্রতীক বসানো রয়েছে। এই মূর্তির নকশা নিজেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই মূর্তিই সরিয়ে ফেলার সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
রবিবার যুবভারতীতে ডার্বি ম্যাচ দেখতে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দুই দলই দারুণ লড়াই করেছে। মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা অসাধারণ ছিল। দর্শকদের উন্মাদনাও তাঁর নজর কেড়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ কাজ না থাকলে ভবিষ্যতেও যত সম্ভব ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার চেষ্টা করবেন। শুধু ফুটবল নয়, ক্রিকেট ম্যাচও দেখবেন বলে জানান তিনি।
এরপর যুবভারতীর পরিকাঠামো নিয়ে একাধিক পরিকল্পনার কথাও জানান ক্রীড়ামন্ত্রী। তাঁর দাবি, স্টেডিয়ামকে আরও আধুনিক করে তোলা হবে। দর্শকদের জন্য তৈরি হবে নতুন ফুড কোর্ট। সেখানে খাবারের গুণমান পরীক্ষা করার জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করা হবে। খাবারের মান যাচাই করেই দর্শকদের পরিবেশন করা হবে বলে জানিয়েছেন তিনি।
কথা বলতে গিয়ে মেসি ম্যাচ বিতর্কের প্রসঙ্গও তোলেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, যাঁরা এই স্টেডিয়ামে এসে প্রতারিত হয়েছেন, যাঁদের টাকা নষ্ট হয়েছে এবং যাঁরা অপমানিত বোধ করেছেন, তাঁদের সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার। মেসি ম্যাচ সংক্রান্ত ফাইল নতুন করে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। দর্শকদের টাকা ফেরানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ক্রীড়ামন্ত্রকও সাহায্য করবে বলে আশ্বাস দেন নিশীথ।
এরপরই যুবভারতীর বাইরে থাকা মূর্তি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। নিশীথ বলেন, “এমন বিদঘুটে মূর্তির কোনও মানে নেই। একটা কাটা পায়ের উপর ফুটবল রাখা হয়েছে। আমার মনে হয়, এই মূর্তি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ সময় শুরু হয়েছিল। তারপর মেসি কাণ্ড ঘটল, সরকারও চলে গেল। তাই এমন অর্থহীন মূর্তি আর রাখা হবে না। পরিবর্তন করা হবে।”
- More Stories On :
- Nisith Pramanik
- Yuva Bharati Stadium,

