রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। নারী নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ব্যবসায়িক সহায়তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বাজেট ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা অনুদান পাবেন। এই প্রকল্পের জন্য চলতি অর্থবর্ষে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বিধবাদের মাসিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে তাঁরা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা পাবেন। আশাকর্মীদের পারিশ্রমিকও বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু রাখতে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
স্বাস্থ্য ক্ষেত্রেও একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যসেবার সুবিধা মিলবে। অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুর পুষ্টির জন্য এককালীন ২১ হাজার টাকা অনুদানের কথাও বলা হয়েছে। হাসপাতালগুলিতে রোগীদের খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে অবিবাহিত ছাত্রীদের জন্য। স্নাতক স্তরে ভর্তি হওয়ার সময় তাঁরা এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। উচ্চশিক্ষায় পড়ুয়াদের ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ। এই প্রকল্পের জন্য চলতি বছরে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও মহিলাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। সরকারি সমস্ত নিয়োগে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি মহিলা পুলিশকর্মীদের নিয়ে বিশেষ স্কোয়াড গঠন করা হবে। মাতঙ্গিনী ও রানি শিরোমণির নামে দুটি মহিলা ব্যাটালিয়ন তৈরি করার কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা পরিচালিত থানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ব্যবসার ক্ষেত্রেও মহিলাদের এগিয়ে দিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে ক্লাউড কিচেন গড়ে তোলার জন্য নতুন নীতি আনার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া ২ লক্ষ যুবক-যুবতীকে ব্যবসা শুরু করার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ৫ লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে এবং বাকি ৫ লক্ষ টাকা সুদবিহীন ঋণ হিসেবে পাওয়া যাবে।
বাজেটের এই একাধিক ঘোষণার ফলে রাজ্যের মহিলাদের সামাজিক ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
- More Stories On :
- Bengal Budget
- Women
- BJP Goverment

