আগামী সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক হতে চলেছে। বিধানসভায় এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্নে ফিরেই এ বিষয়ে নির্দেশিকা জারি করা হবে। আর সেই ঘোষণার পর থেকেই রাজ্যের শিক্ষা মহলে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও বিভ্রান্তি।
এতদিন অধিকাংশ স্কুলে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর পাশাপাশি গাওয়া হত রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’। কোথাও আবার স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীতও ছিল। কিন্তু নতুন নির্দেশ কার্যকর হলে সেই চেনা ছবিতে বড় বদল আসতে চলেছে বলেই মনে করছেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ।
মঙ্গলবার বিকাশ ভবন থেকে রাজ্যের সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। ডিআইদের মাধ্যমে সেই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিভিন্ন স্কুলে। ই-মেল এবং হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছে সরকারি বার্তা। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, প্রার্থনার সময় ‘বন্দেমাতরম’ গাওয়া হয়েছে কি না, সেই তথ্যও জানাতে হবে শিক্ষা দফতরে।
আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে সবচেয়ে বড় ধন্দ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি কি এবার বাধ্যতামূলকভাবে গাইতে হবে ‘বন্দেমাতরম’? যদি দু’টিই গাওয়া হয়, তাহলে কোনটি আগে এবং কোনটি পরে হবে? আবার যেসব স্কুলে দীর্ঘদিন ধরে নিজস্ব প্রার্থনা সঙ্গীত চালু রয়েছে, তাদের ক্ষেত্রেই বা কী নিয়ম প্রযোজ্য হবে? এই সমস্ত প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি বলে দাবি শিক্ষকদের একাংশের।
এর আগে মধ্যশিক্ষা দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, প্রতিদিন স্কুল শুরুর আগে বাধ্যতামূলকভাবে গাইতে হবে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’। সেই নির্দেশ কার্যকর হওয়ার পর বহু স্কুলে নিয়মিত সেই গান গাওয়া হত। কিন্তু এবার ‘বন্দেমাতরম’ বাধ্যতামূলক করার সিদ্ধান্তে রাজ্য সঙ্গীতের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা।
শিক্ষা মহলের একাংশের মতে, জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগান, রাজ্য সঙ্গীত এবং স্কুলের নিজস্ব প্রার্থনা— সবকিছুকে একসঙ্গে সামঞ্জস্য রেখে চালানো বাস্তবে কঠিন হয়ে দাঁড়াতে পারে। ফলে খুব দ্রুত শিক্ষা দফতরের তরফে বিস্তারিত ব্যাখ্যা না এলে বিভ্রান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। কেউ এই পদক্ষেপকে দেশাত্মবোধ জাগানোর উদ্যোগ হিসেবে দেখছেন, আবার বিরোধীদের একাংশের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক আবহে টেনে আনা হচ্ছে। সব মিলিয়ে সোমবার থেকে স্কুলের প্রার্থনায় ঠিক কোন গান বাজবে, তা নিয়েই এখন তুমুল কৌতূহল রাজ্যজুড়ে।
- More Stories On :
- Vande Mataram
- Schools
- Prayer

