তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। দুর্ঘটনার জন্য দায়ী নির্মাণ সংস্থা এবং স্থপতিকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনায় কোনও দোষীকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, শুক্রবারের মধ্যেই উদ্ধারকাজ শেষ করার লক্ষ্য রয়েছে প্রশাসনের।
মুখ্যমন্ত্রী জানান, গোডাউনের নকশা অনুমোদিত ছিল। কিন্তু নির্মাণের সময় নিয়ম মেনে নজরদারি করার দায়িত্ব পালন করেনি নির্মাণ সংস্থা। সেই কারণেই সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা এবং স্থপতিকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শম্ভুনাথ বেহরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তিরিশ বছরের জন্য জমি লিজ নিয়েছিলেন। গোডাউন তৈরির দায়িত্ব দেওয়া হয় একটি নির্মাণ সংস্থাকে। অভিযোগ, নির্মাণকাজ চলাকালীন যথাযথ তদারকি করা হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, পরিকল্পনাকারী ও স্থপতির নিয়মিত নজরদারির দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। তাই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এটাই শেষ নয়। ভবিষ্যতে যেসব নির্মাণ সংস্থা একই ধরনের গাফিলতি করবে, তাদের বিরুদ্ধেও একই রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন এলাকায় যাঁরা নির্মাণ সংক্রান্ত প্রতারণার শিকার হয়েছেন, তাঁদের নিকটবর্তী থানায় অভিযোগ জানানোর আবেদনও করেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন, প্রতিটি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বুধবার দুপুর বারোটা সাত মিনিটে হঠাৎ ভেঙে পড়ে তারাতলার নির্মীয়মাণ গোডাউন। ঘটনার পরই পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হয়।
সরকারি তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তেত্রিশ জন। ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- More Stories On :
- Taratala
- Godown collapsed
- Blacklisted

