অবশেষে তদন্তকারীদের সামনে হাজির হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনি জমি প্রতারণা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। শুক্রবার রাতে সুমিতের বাড়িতে গিয়ে নোটিস দেয় তদন্তকারী দলের সদস্যরা। সেই নোটিসের পরেই শনিবার নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে ভবানী ভবনে পৌঁছে যান তিনি।
সিআইডি সূত্রে খবর, শালবনি জমি সংক্রান্ত মামলায় সুমিত রায়ের বয়ান রেকর্ড করা হবে। তদন্তকারীরা তাঁর কাছে মামলার বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইবেন। দীর্ঘ দিন তাঁর কোনও সন্ধান না মেলায় এই হাজিরাকে ঘিরে স্বাভাবিক ভাবেই নজর রয়েছে।
শুক্রবার রাতে টালিগঞ্জের মহাবীরতলায় সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দেয় সিআইডি। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সুরক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত। শুক্রবার তাঁর আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি। তালিকা অনুযায়ী মামলাটি শোনা হবে বলে জানানো হয়েছে।
সুমিতের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট চারটি এফআইআর রয়েছে। এর আগে দু’টি মামলায় তিনি আগাম জামিন পেয়েছেন। নতুন করে মামলা দায়ের হওয়ার পর তাঁর আইনি সুরক্ষার আবেদন নিয়েই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন সুমিত।
এর আগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেফতারের পর সুমিত রায়ের নাম সামনে আসে। অভিযোগ ওঠে, বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগের পাশাপাশি শালবনির জমি সংক্রান্ত মামলাতেও সুমিতের নাম রয়েছে।
তদন্তকারীদের দাবি, সুমিতের খোঁজে প্রায় এক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সেখানে দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও সুমিতের সন্ধান মেলেনি। এরপর থেকেই তাঁর অবস্থান নিয়ে জল্পনা চলছিল। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছিল বলে জানা যায়।
এই পরিস্থিতিতে শনিবার নিজেই ভবানী ভবনে হাজির হলেন সুমিত রায়। এবার শালবনি জমি মামলায় তদন্তকারীদের প্রশ্নের কী উত্তর দেন তিনি, সেটাই দেখার।
- More Stories On :
- Sumit roy
- Bhawani bhawan

