ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। কারও নাম বাদ পড়লেও এখনই কোনও পদক্ষেপ করা হবে না, আবার কারও ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে আবেদন করা ভোটারদের বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে কমিশন।কমিশনের নির্দেশ অনুযায়ী, বিচার বিভাগীয় আধিকারিকরা কোনও ভোটারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই সিদ্ধান্তে ই-সই করেননি, এমন ক্ষেত্রেও সিদ্ধান্ত কার্যকর করা যাবে। অন্য দিকে, যাঁদের বিষয়ে এখনও বিচার বিভাগীয় আধিকারিকরা কোনও সিদ্ধান্ত নেননি, তাঁদের বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের কাছে পাঠানো যাবে।বিচার বিভাগীয় আধিকারিকদের নির্দেশে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, কিন্তু তাঁরা এখনও ট্রাইব্যুনালে আবেদন করেননি, তাঁদের ক্ষেত্রে আপাতত কোনও পদক্ষেপ করা হবে না। তবে যাঁরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি দ্রুত করতে হবে। এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।কমিশন আরও জানিয়েছে, ট্রাইব্যুনালে কোনও ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে মামলা চলাকালীন তিনি নতুন করে ছ নম্বর ফর্ম জমা দিলেও সেই আবেদন প্রক্রিয়াকরণ করা যাবে না। ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্য দিকে, ট্রাইব্যুনালও যাঁদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবে, তাঁদের ক্ষেত্রে সেই সিদ্ধান্তই কার্যকর করতে হবে।এ দিকে, ভোটার তালিকা সংশোধনের সময়সূচি নিয়েও নতুন নির্দেশিকা জারি হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সংক্রান্ত ২৭ নভেম্বরের আগের বিজ্ঞপ্তিতে কিছু পরিবর্তন করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানানো হয়েছে, ২০২৭ সালের ১ জানুয়ারিকে যোগ্যতার তারিখ ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। তবে আগের বিজ্ঞপ্তিতে থাকা বাকি সময়সূচি ও নির্দেশিকা অপরিবর্তিত থাকবে।নতুন সূচি অনুযায়ী, ১৯ ও ২০ ডিসেম্বর এবং ২০২৭ সালের ২ ও ৩ জানুয়ারি, ৯ ও ১০ জানুয়ারি বিশেষ শিবিরের আয়োজন করা হবে। রাজ্যের সমস্ত নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রে এই শিবিরগুলি চলবে।কমিশনের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সমন্বিত খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকেই শুরু হবে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া। ২০২৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকবে।এর পর প্রাপ্ত দাবি ও আপত্তি খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ শেষ করতে হবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে। সব শেষে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।ফলে ভোটার তালিকায় নাম থাকা, নাম বাদ পড়া এবং ট্রাইব্যুনালে আবেদন সংক্রান্ত বিষয়ে কমিশনের এই নতুন নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের ক্ষেত্রে আগামী দিনে কী সিদ্ধান্ত কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে।