নেপালে ভয়াবহ হড়পা বানের পর এখনও নিখোঁজ বাংলার ৩৭ জন। তাঁদের পরিবারের উদ্বেগের মধ্যেই পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার নবান্নে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আর্থিক সঙ্কটে থাকা একটি পরিবারকে নিজের চলতি মাসের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
নিখোঁজদের পরিবারের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী। কোনও পরিবারের একমাত্র রোজগেরে সদস্য নিখোঁজ। আবার কোনও পরিবারের সংসার চালানো রাজমিস্ত্রিও এখনও বাড়ি ফেরেননি। ফলে নিখোঁজের যন্ত্রণা ছাড়াও বহু পরিবারকে এখন তীব্র আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে।
এই পরিস্থিতিতে নিখোঁজদের পরিবারগুলির জন্য স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি—দুই ধরনের সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবারের বর্তমান প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে তাঁরা যাতে আর্থিক ভাবে সমস্যায় না পড়েন, সেই বিষয়টিও পরিকল্পনায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রোজগেরে সদস্য নিখোঁজ হওয়ায় যে পরিবারগুলি চরম আর্থিক সঙ্কটে পড়েছে, তাঁদের চাকরির ব্যবস্থা করা যায় কি না, সেই বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে নিখোঁজদের পরিবারগুলির জন্য শুধু তাৎক্ষণিক আর্থিক সাহায্য নয়, দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
পরিবারগুলির সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সহজ করতে বিশেষ একটি বার্তা আদানপ্রদানের গোষ্ঠী তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রতিটি নিখোঁজের পরিবারের এক জন সদস্যের পাশাপাশি এক জন নাগরিক স্বেচ্ছাসেবক এবং এক জন পুলিশকর্মীকে যুক্ত রাখার কথা বলা হয়েছে।
কোনও পরিবারের কোনও সমস্যা হলে যাতে দ্রুত প্রশাসনের কাছে তা পৌঁছে যায়, সেই ব্যবস্থাই এই গোষ্ঠীর মাধ্যমে করার পরিকল্পনা। নিখোঁজদের পরিবার এবং প্রশাসনের মধ্যে যোগাযোগে যাতে কোনও ফাঁক না থাকে, সেই বিষয়েও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত ২৬ অগাস্ট নেপালে ভয়াবহ হড়পা বানের পর রাজ্যের ৩৯ জনের নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছিল। পরে বসিরহাটের দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়। এখনও ৩৭ জনের সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে।
নিখোঁজদের মধ্যে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া কলকাতা, চন্দননগর এবং বর্ধমানের দলের ৩০ জন পুণ্যার্থী রয়েছেন। তাঁদের সঙ্গে যাওয়া ভ্রমণ সংস্থার দু’জন কর্মীরও এখনও খোঁজ নেই।
নিখোঁজদের পরিবারের সদস্যেরা গতকালই ফের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তার পরেই বুধবার নবান্নে তাঁদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর আর্থিক সাহায্য, চাকরির সম্ভাবনা এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে।
নেপালে নিখোঁজ বাংলার ৩৭ জনের এখনও সন্ধান না মেলায় উৎকণ্ঠা কাটেনি পরিবারগুলির। তাঁদের প্রিয়জনেরা কবে ফিরবেন, সেই অপেক্ষার মধ্যেই অন্তত পরিবারগুলির আর্থিক ও প্রশাসনিক সমস্যাগুলি কিছুটা কমাতে রাজ্যের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সে দিকেই নজর।
- More Stories On :
- CM Suvendu Adhikari
- Nepal Flood

