কালীপুজোর রাতে বাজির দাপটে কার্যত ধোঁয়ায় ঢেকে গেল কলকাতা। বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা থাকলেও তা মানা হল না বলেই অভিযোগ। বাজি ফাটানোর সময় বেঁধে দেওয়া হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল শব্দবাজিও। কিন্তু প্রশাসনের সেই নির্দেশ অমান্য করেই রাতভর চলল বাজি ফাটানো। তার জেরেই কলকাতা ও হাওড়ার বাতাসে বাড়ল দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই খারাপ যে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার বায়ুর গুণমান সূচক প্রায় ৫০০-র কাছাকাছি পৌঁছে যায়। কোনও কোনও এলাকায় তা ছাড়িয়ে যায় ৬০০-ও। ফলে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে।
শুক্রবার রাত থেকেই কলকাতা ও হাওড়ার বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছিল। রবিবার পরিস্থিতি আরও খারাপ হয়। গত বৃহস্পতিবার কলকাতার বায়ুর গুণমান সূচক ছিল ৭০ থেকে ৮০-র মধ্যে। কিন্তু রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ তা বেড়ে ২০০-তে পৌঁছে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাত ১টা নাগাদ শহরের বায়ুর গুণমান সূচক প্রায় ৫০০-র কাছাকাছি পৌঁছে যায়।
কালীপুজোর রাতে বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। অন্য দিকে, পিএম ১০-এর মাত্রা পৌঁছেছিল ৩৫৪ মাইক্রোগ্রামে। এই দুই ধরনের ধূলিকণাই মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টের সমস্যায় ভোগা মানুষের ক্ষেত্রে দূষণের প্রভাব আরও বেশি হতে পারে। রাত যত বেড়েছে, ততই ধোঁয়াশায় ঢেকেছে শহরের আকাশ।
দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল উত্তর কলকাতার একাধিক এলাকায়। রাত ২টোর পরিসংখ্যান অনুযায়ী, কাঁকুড়গাছিতে বায়ুর গুণমান সূচক পৌঁছে যায় ৬১০-এ। মানিকতলায় ছিল ৫৩৮ এবং বেনিয়াপুকুরে ৫২৮। তালতলায় ৪৬৯, কাশীপুরে ৪৯০, লেবুতলায় ৪৯১, দক্ষিণ সিঁথিতে ৪১৯ এবং পাইকপাড়ায় ৩৫৯-এ পৌঁছয় দূষণের মাত্রা।
বিধাননগরেও পরিস্থিতি ছিল যথেষ্ট উদ্বেগজনক। সেখানে বায়ুর গুণমান সূচক বেড়ে ৪৯০-এ পৌঁছে যায়। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়াম, এলগিন রোড, হেস্টিংস এবং ময়দান এলাকায় দূষণের মাত্রা ছিল ৪৫০ থেকে ৫০০-র মধ্যে।
দক্ষিণ কলকাতার বাতাসও বাদ যায়নি দূষণের হাত থেকে। বালিগঞ্জে বায়ুর গুণমান সূচক ছিল ৪৭৪। লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২ রেকর্ড করা হয়। অর্থাৎ, শহরের উত্তর থেকে দক্ষিণ, প্রায় সর্বত্রই দূষণের প্রভাব পড়েছে।
তবে এই পরিস্থিতির মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। কলকাতার বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক জায়গায় পৌঁছলেও দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় জায়গা হয়নি এই শহরের। তবে তাতে শহরের দূষণ নিয়ে উদ্বেগ কমছে না। কালীপুজোর রাতে বাজি ফাটানোর ফলে যে ভাবে বাতাসের গুণমান খারাপ হয়েছে, তাতে প্রশাসনের নজরদারি এবং দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
- More Stories On :
- Air Pollution
- Kolkata
- Diwali

