বেলেঘাটার পর এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পটারি রোড এলাকায় এক প্রোমোটারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শুধু ধারাল অস্ত্রই নয়, গুলিও চালানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাপস নস্কর। তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল। গুলি চালানোসহ নানা অপরাধের কারণে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি এলাকায় ফেরেন।
পরিবারের দাবি, তাপসের সঙ্গে এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত দীপক দাস ওরফে নেটুর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। মূলত প্রোমোটিং সংক্রান্ত ঝামেলা থেকেই এই বিরোধ চরমে ওঠে। অভিযোগ, বুধবার সন্ধ্যায় নেটুর লোকজন তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বলা হয়, পুরনো সমস্যা মিটিয়ে ফেলা হবে। কিন্তু পরে পটারি রোডের একটি গলিতে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।
তাপসের মেয়ে সায়নী নস্করের অভিযোগ, তাঁর বাবাকে শুধু কুপিয়েই নয়, গুলিও করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস এক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন। অন্যদিকে, তিনি সদ্য নির্বাচিত এক তৃণমূল বিধায়কের সঙ্গেও যোগাযোগ রাখতেন। এলাকার দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল বলে অভিযোগ। সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন হয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। প্রোমোটিং ব্যবসা নিয়েও দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।
এক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে প্রোমোটিং নিয়ে এলাকায় অশান্তি চলছিল এবং সেই কারণেই তাপসকে পাড়ায় ঢুকতে দেওয়া হত না। অন্যদিকে, মৃতের মেয়ে অভিযোগ করেছেন, মিটমাটের নাম করে ডেকে নিয়ে গিয়ে তাঁর বাবাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

