ফ্ল্যাট কিনলেই তার সঙ্গে গাড়ি রাখার জায়গার মালিকানা পাওয়া যায় না। ফ্ল্যাটের বিক্রয় দলিলে বা রেজিস্ট্রি করা নথিতে পার্কিংয়ের জায়গার কথা স্পষ্ট করে লেখা না থাকলে, সেই জায়গার উপর আইনি অধিকার দাবি করা যাবে না। একটি গুরুত্বপূর্ণ মামলায় এমনই পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। পার্কিংয়ের জায়গার অধিকার চেয়ে এক ফ্ল্যাট মালিকের করা আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জানায়, আবেদনকারী শ্রাবণ কুমার আগরওয়াল প্রমাণ করতে পারেননি যে, সংশ্লিষ্ট গাড়ি রাখার জায়গাটি তাঁর কেনা ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল। রেজিস্ট্রি করা বিক্রয় দলিলেও ওই পার্কিংয়ের জায়গা তাঁর নামে হস্তান্তরের কোনও উল্লেখ ছিল না।মামলার সূত্রপাত কলকাতার গল্ফ গ্রিন আর্বান কমপ্লেক্সের একটি ফ্ল্যাটকে ঘিরে। শ্রাবণ কুমার আগরওয়াল জয়ন্ত কুমার বসু এবং অনিতা বসুর কাছ থেকে ওই আবাসনের ৩এ নম্বর ফ্ল্যাটটি কিনেছিলেন। ১৯৯৩ সালের ৩০ মার্চ রেজিস্ট্রি করা দলিলের মাধ্যমে ফ্ল্যাটটির মালিকানা তাঁর হাতে আসে।তবে ফ্ল্যাট বিক্রির দিনই আগের মালিকেরা একটি আলাদা চিঠি দিয়েছিলেন শ্রাবণকে। সেখানে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ হাউজিং বোর্ডের কাছ থেকে গাড়ি রাখার জায়গা বরাদ্দ হলে সেটিও তাঁকে হস্তান্তর করা হবে।এর আগে ১৯৯২ সালের নভেম্বর মাসে বসু দম্পতি গাড়ি রাখার জায়গার জন্য হাউজিং বোর্ডের কাছে আবেদন করেছিলেন। সেই সময় তাঁরা ৭ হাজার টাকা জমাও দিয়েছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে প্রথমে বিজি-৩ নম্বর পার্কিংয়ের জায়গা বরাদ্দের সিদ্ধান্ত হয়। পরে ১৯৯৭ সালের ২৯ অক্টোবর বিজি-৯ নম্বর জায়গাটি জয়ন্ত কুমার বসুর নামে বরাদ্দ করার সিদ্ধান্ত নেয় বোর্ড।কিন্তু ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করে হাউজিং বোর্ড ১৯৯৭ সালের সেই বরাদ্দ বাতিল করে দেয়। বোর্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বর্তমান ফ্ল্যাট মালিক শ্রাবণ।আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর হলে তার সঙ্গে যুক্ত অধিকারও নতুন মালিকের কাছে চলে আসে। তাই আগের মালিকদের নামে পার্কিংয়ের জায়গা বরাদ্দ হওয়ার অধিকারও শ্রাবণের পাওয়ার কথা। প্রয়োজনীয় টাকা, স্ট্যাম্প শুল্ক এবং রেজিস্ট্রেশনের খরচ দিতেও তিনি রাজি ছিলেন বলে আদালতে জানানো হয়।অন্য দিকে, হাউজিং বোর্ডের আইনজীবী এই দাবির বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, ১৯৯৩ সালে ফ্ল্যাট কেনাবেচার যে রেজিস্ট্রি করা দলিল হয়েছিল, তাতে পার্কিংয়ের জায়গার কোনও উল্লেখ ছিল না। তাই শুধু ফ্ল্যাট কেনার কারণে আলাদা করে গাড়ি রাখার জায়গার অধিকার দাবি করতে পারেন না আবেদনকারী।দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পার্থসারথি সেন জানান, ১৯৯৩ সালের বিক্রয় দলিলে পার্কিংয়ের জায়গার কোনও উল্লেখ নেই। সম্পত্তি হস্তান্তর আইনের ৮ নম্বর ধারায় সম্পত্তির সঙ্গে যুক্ত অধিকার নতুন মালিকের কাছে যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে পার্কিংয়ের জায়গাটি যে ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিল, তার কোনও প্রমাণ দিতে পারেননি আবেদনকারী।আদালত আরও জানায়, হাউজিং বোর্ড আগের মালিকের নামে পার্কিংয়ের জায়গা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছিল ঠিকই, কিন্তু সেই জায়গার মালিকানা বা চূড়ান্ত হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই বরাদ্দ বাতিলের সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আগের মালিকদের। বর্তমান ফ্ল্যাট মালিকের সেই দাবি করার অধিকার নেই।সব দিক বিবেচনা করে শ্রাবণ কুমার আগরওয়ালের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। এই রায়ের ফলে আবারও স্পষ্ট হল, ফ্ল্যাট কেনার সময় শুধু ঘরের মালিকানা নয়, গাড়ি রাখার জায়গার অধিকারও বিক্রয় দলিলে স্পষ্ট করে উল্লেখ থাকা জরুরি।