ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ এবং বিজয় সমাবেশ ঘিরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। কোনও রকম ঝুঁকি এড়াতে গোটা ময়দান চত্বরকে কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনীও।
প্রশাসন সূত্রে খবর, নিরাপত্তার সুবিধার জন্য পুরো ব্রিগেড এলাকা ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। কয়েকটি সেক্টর নিয়ে তৈরি করা হয়েছে আলাদা ব্লক। প্রতিটি ব্লকের দায়িত্বে থাকবেন একজন করে আইপিএস পদমর্যাদার আধিকারিক। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন কলকাতা পুলিশের কমিশনার নিজে।
অনুষ্ঠান মঞ্চের সামনের অংশ মূলত ভিভিআইপিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৪০ জন ভিভিআইপি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় এবং ব্রিগেড সংলগ্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি মাঠের চারপাশের বহুতল ভবনের ছাদেও মোতায়েন থাকবেন পুলিশ কর্মীরা।
অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রত্যেক মানুষকেই কড়া নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে মাঠে ঢুকতে হবে। সাধারণ মানুষ থেকে আমন্ত্রিত অতিথি, সবার ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর থাকবে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, মাঠে কোনওভাবেই ছাতা, ব্যাগ বা জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। কেউ এই ধরনের জিনিস নিয়ে এলে তাঁকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হবে।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে আগেই সতর্ক করা হয়েছে, যাতে নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনেন। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা ব্রিগেড এলাকা এবং সংলগ্ন অঞ্চলে পুলিশি টহলও বাড়ানো হয়েছে। বর্তমানে পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে।
- More Stories On :
- Brigade
- Oath Taking ceremony

