বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি ও ঘিঞ্জি এলাকার ছবি দেখিয়ে চিনের সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, সেগুলি ভারতের রাজধানী নয়াদিল্লির ছবি! শুধু তা-ই নয়, ওই সব এলাকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়েও করা হচ্ছে কুরুচিকর মন্তব্য। অভিযোগ, প্রায় ১৫০ জন চিনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ঘুরে ঘুরে ভিডিও করছেন। পরে সেই ভিডিও সরাসরি সম্প্রচার করা হচ্ছে চিনের সমাজমাধ্যমে। সেখানে বাংলাদেশের জায়গাকে ভারতের বলে পরিচয় দেওয়া হচ্ছে। এই ঘটনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, ভারতের ভাবমূর্তি নষ্ট করতে কি পরিকল্পিত ভাবে এই কাজ করা হচ্ছে?
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর ৬ নভেম্বরের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরার সেক্টর ১২ এবং টেকপাড়া এলাকার সরু গলিতে ঘুরে ভিডিও করছেন চিনা নাগরিকেরা। তাঁদের দাবি, তাঁরা ভারতের রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন। অথচ যে সব জায়গার ছবি দেখানো হচ্ছে, সেগুলি আসলে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা।
প্রতিবেদনে এক চিনা মহিলা ব্লগারের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর নাম মিয়ানমিয়ান। তিনি নিজেকে চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। গত ১ নভেম্বর উত্তরার একটি খালের পাশে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি। সেই সময় ওই এলাকাকে নয়াদিল্লি বলে পরিচয় দেন। সেখানকার বাড়িঘরকে অপরিচ্ছন্ন, অনুন্নত এবং অস্বাস্থ্যকর বলেও মন্তব্য করেন।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলা সরাসরি সম্প্রচারে বলেন, নয়াদিল্লির বাড়িগুলি অত্যন্ত নোংরা। টিনের ছাউনি দেওয়া বাড়িতে পাখাও নেই। এলাকাটি খুবই অপরিচ্ছন্ন এবং সেখানে আইনশৃঙ্খলার অবস্থাও খারাপ।
আর এক চিনা নাগরিকের ভিডিও ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। ওয়াং ওয়েই নামে ওই ব্যক্তি ঢাকার টেকপাড়ার একটি চায়ের দোকানে বসে থাকা মানুষদের ভিডিও করছিলেন। সেই সময় তিনি দাবি করেন, স্থানীয় বাসিন্দারা গোমূত্র দিয়ে তৈরি চা পান করছেন। এমনকি নোংরা নদীর জল দিয়েও চা তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি। যদিও এই দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি।
শুধু পুরুষ নয়, চিনা মহিলাদেরও এই ধরনের ভিডিও করতে দেখা গিয়েছে। তাঁদের কেউ কেউ দাবি করেছেন, তাঁরা ভারতে বিয়ে করেছেন এবং স্বামী ও পরিবারের সঙ্গে সেখানেই থাকেন। অথচ ভিডিওগুলি করা হচ্ছে বাংলাদেশের ঢাকায়।
চিনের উইচ্যাট এবং ডুয়িনের মতো সমাজমাধ্যমে এই ভিডিওগুলি সম্প্রচার করা হচ্ছে বলে জানা গিয়েছে। ডুয়িন চিনের নিজস্ব ছোট ভিডিও তৈরির জনপ্রিয় মাধ্যম। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ফাংইউ নামে এক চিনা নাগরিক জানিয়েছেন, তাঁরা পণ্যের প্রচারের জন্য এই ধরনের ভিডিও তৈরি করছেন। তবে কেন ঢাকার দরিদ্র এলাকাগুলিকেই বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এই ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড গত ২৮ মে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছিল, ঢাকার টেকপাড়া এবং আশপাশের দরিদ্র এলাকাগুলিতে চিনা নাগরিকদের আনাগোনা বেড়েছে। হাতে আধুনিক মুঠোফোন এবং তার সঙ্গে বিশেষ পাখা লাগিয়ে দীর্ঘ সময় ধরে ভিডিও করতে দেখা গিয়েছে তাঁদের।
চিনের বিলিবিলি এবং ইউকু-র মতো সমাজমাধ্যমেও এই ধরনের একাধিক ভিডিও পাওয়া গিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। ভিডিওগুলির শিরোনামে বার বার ব্যবহার করা হয়েছে ‘গরিব’, ‘নোংরা’ এবং ‘বস্তি’-র মতো শব্দ। সেখানে দরিদ্র মানুষের জীবনযাত্রা দেখানোর পাশাপাশি নিজেদের সাহায্যকারী হিসেবেও তুলে ধরছেন কয়েক জন চিনা ব্লগার।
বাংলাদেশের আর এক সংবাদমাধ্যম কালের কণ্ঠ গত ৬ জুলাই প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, উত্তরার সেক্টর ১২ এলাকায় চিনা নাগরিকদের আনাগোনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক মাস ধরেই তাঁরা নিয়মিত এলাকায় এসে ভিডিও করছেন। কেউ কেউ দোকানে ঢুকে, আবার কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরায় ছবি তুলছেন।
স্থানীয় এক বাসিন্দার কথায়, তাঁরা চিনা নাগরিকদের ভাষা বোঝেন না। কেন তাঁরা নিয়মিত এলাকায় এসে ভিডিও করছেন, তা-ও তাঁদের কাছে স্পষ্ট নয়। আর এক বাসিন্দা জানিয়েছেন, প্রায় তিন-চার মাস ধরে এই কাজ চলছে। প্রায় প্রতিটি দোকানে ঢুকে ভিডিও করা হচ্ছে।
এই ভিডিও তৈরির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, অভিযোগ শুধু ভুল জায়গার পরিচয় দেওয়াতেই সীমাবদ্ধ নয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক জন চিনা নাগরিক অনুমতি ছাড়াই বাড়িতে ঢুকে ভিডিও করেছেন। এমনকি বাড়ির রান্নাঘর এবং শৌচাগারের মতো ব্যক্তিগত জায়গাতেও ক্যামেরা নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভিডিও তৈরির কাজে কয়েক জন বাংলাদেশি মহিলাও চিনা নাগরিকদের সাহায্য করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এক স্থানীয় মহিলা জানিয়েছেন, চিনা নাগরিকদের সাহায্য করে তিনি দিনে ৭০০ থেকে ৮০০ টাকা পান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে আবার কয়েক জন মহিলার দৈনিক ৫০০ থেকে ১০০০ টাকা পারিশ্রমিক পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছে। কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, এক চিনা নাগরিকের সঙ্গে কথা বলতে গেলে এক বাংলাদেশি সাংবাদিককে ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করানো হয়। অভিযোগ, ফোনের অপর প্রান্ত থেকে ওই সাংবাদিকদের ফোন নম্বর সংগ্রহ করতে এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল।
এত দিন ধরে এই ধরনের ভিডিও তৈরি হলেও এর পিছনে আসল উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। উত্তরার পশ্চিম থানার এক আধিকারিক প্রথম আলোকে জানিয়েছেন, চিনা নাগরিকদের এলাকায় ভিডিও করতে দেখা গিয়েছে। তবে তাঁরা কেন এই কাজ করছেন, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপের কাজ চলছে।
তবে বিদেশি পর্যটক ও ব্লগারদের কাছে দক্ষিণ এশিয়ার দরিদ্র এলাকা নতুন আকর্ষণ নয়। ভারতের মুম্বইয়ের ধারাভির মতো বস্তি এলাকাতেও বিদেশি পর্যটকদের নিয়মিত যাতায়াত রয়েছে। তাঁদের অনেকেই স্থানীয় গাইডের সাহায্যে ওই সব এলাকা ঘুরে দেখেন। ২০২৬ সালের মার্চে ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ধারাভির বাসিন্দাদের একাংশ বিদেশি পর্যটকদের ঘুরিয়ে দেখিয়ে ভালো আয় করছেন। কোনও কোনও ক্ষেত্রে এক জন পর্যটকের কাছ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
সেই কারণেই চিনা ব্লগারদের একাংশ হয়তো ঢাকার দরিদ্র এলাকাগুলিকে ব্যবহার করে চিনের দর্শকদের কাছে জনপ্রিয়তা বা আয় বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশের জায়গাকে ভারতের বলে পরিচয় দেওয়া এবং ভারতীয়দের জীবনযাত্রা নিয়ে অপমানজনক মন্তব্য করার বিষয়টি আরও গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এর পিছনে ভারতের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর কোনও পরিকল্পনা থাকতে পারে। চিনের দর্শকদের সামনে ভারতের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্যেও এই ধরনের ভিডিও তৈরি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সংবাদমাধ্যমের অনুসন্ধানে প্রমাণিত হয়নি যে, এই ব্লগারেরা কোনও সংগঠিত প্রচার অভিযানের অংশ।
ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধুই সমাজমাধ্যমে জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের জন্য এই কাজ, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও উদ্দেশ্য? ঢাকার দরিদ্র এলাকাকে নয়াদিল্লি বলে প্রচার করার ঘটনায় সেই রহস্যই ক্রমশ ঘনীভূত হচ্ছে।
- More Stories On :
- China Vlogger
- Delhi
- Dhaka

