ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বার্তা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সে দেশের পরিস্থিতি। ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আর তার পরেই মঙ্গলবার রাতে ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটল। রাজধানীতে পর পর চারটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ছাড়াও শহরের ছ’টি জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। অন্য দিকে, গোপালগঞ্জে সাংসদ এস এম জিলানির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে টুঙ্গিপাড়া থানাতেও। তবে এখনও পর্যন্ত এই ঘটনাগুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঢাকার পল্লবীর সিরামিক রোডে প্রথম বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। রাস্তার পাশে দাঁড় করানো ছিল ‘মিরপুর লিঙ্ক’ নামে একটি বাস। সেই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সন্দেহভাজন এক জনকে আটক করেছে পুলিশ। এর পর মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকাতেও আরও তিনটি বাসে আগুন লাগানোর খবর পাওয়া যায়। সব মিলিয়ে রাতের ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি রাজধানীর ছ’টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে খবর।
ঢাকার পাশাপাশি অশান্ত হয়ে ওঠে গোপালগঞ্জও। মঙ্গলবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত ছিল টুঙ্গিপাড়া। পুলিশ সূত্রে খবর, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে হিংসার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েক জন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তাঁদের মুক্তির দাবিতে সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন দলীয় কর্মী-সমর্থকেরা।
পুলিশ আটক ব্যক্তিদের ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক সময় থানার ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করেন বিক্ষোভকারীরা। এর পর থানা ভবন এবং পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের হেফাজতে থাকা আটক নেতা-কর্মীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় পুলিশকে পিছিয়ে যেতে হয় বলে খবর।
এর পরেই গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এস এম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার খবর সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সে দিকে নজর রাখছে প্রশাসন।
উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তাঁকে ভারতে থেকে প্রত্যর্পণ করার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রত্যর্পণের বিষয়ে ভারত বেশ কিছু শর্ত দিয়েছে বলেও খবর। এর মধ্যেই দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করেছেন হাসিনা বলে জানা গিয়েছে।
হাসিনার দেশে ফেরার বার্তা, প্রত্যর্পণ নিয়ে কূটনৈতিক টানাপড়েন এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতের একের পর এক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশে। পরিস্থিতি কোন দিকে যায়, এখন সে দিকেই নজর।
- More Stories On :
- Sheikh Hasina
- Bangladesh
- Violance

