বিতর্ক, ঝামেলা আর একের পর এক অভিযোগ। সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’র চলতি সিজনে অন্যতম চর্চিত প্রতিযোগী ছিলেন নন্দিনী দত্ত। শেষ পর্যন্ত কোনও মনোনয়ন পর্ব ছাড়াই নিয়মভঙ্গের অভিযোগে আচমকা শো থেকে তাঁকে বের করে দেওয়া হয়। বিশেষ করে সহপ্রতিযোগী রাজবীর দে-কে মারধরের অভিযোগ ঘিরে তাঁকে নিয়ে দর্শকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ‘দাদার দরবার’-এ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে নিয়েই বিগ বসের ঘর ছাড়েন নন্দিনী। টানা ৭০ দিন পর বাড়ি ফিরে প্রথম দিনেই পছন্দের মটন, ভাত এবং বিরিয়ানি খান তিনি।
তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নন্দিনী। জানিয়েছেন, শো ছাড়ার পর প্রথমেই ফোন করেছিলেন রাজবীরের মা এবং ভাইকে। নিজের আচরণের জন্য তাঁদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে নন্দিনী বলেন, ‘‘আমি ভুল করেছি এবং তার শাস্তিও পেয়েছি। আমার বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ উঠছে। কিন্তু শারীরিক হেনস্থা অনেক বড় একটা কথা। আমার মা-বাবা আমাকে এমন শিক্ষা দেননি। আমি অন্যায় করেছি, শাস্তি পেয়েছি। রাজবীরের পরিবার বা আমার পরিবারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারি। কিন্তু আর কাউকে জবাবদিহি করতে চাই না। আমি ওর গায়ে হাত তুলেছি, সেটা স্বীকার করছি। তবে সেটাকে শারীরিক হেনস্থা বলা ঠিক নয়। শো থেকে বেরিয়েই প্রথমে ওর মা ও ভাইকে ফোন করে ক্ষমা চেয়েছি।’’
রাজবীরের প্রতি অবশ্য কিছুটা অভিমানও রয়েছে নন্দিনীর। তাঁর কথায়, রাজবীর যদি অন্তত এক বার তাঁকে থামিয়ে দিতেন, তা হলে পরিস্থিতি হয়তো এত দূর গড়াত না। নন্দিনী বলেন, ‘‘আমার একটাই আফসোস, রাজবীর যদি এক বার আমার হাত ধরে বলত, নন্দিনী, এখানে ক্যামেরা রয়েছে, এটা তোমার নিজের বাড়ি নয়! ও এর আগে অনেক বাস্তবধর্মী অনুষ্ঠানে অংশ নিয়েছে। তাই আমার চেয়ে অনেক বেশি পরিণত। ভরতদা থাকলে অন্তত আমাকে বিষয়টা মনে করিয়ে দিত।’’
তবে শো থেকে বাদ পড়া নিয়ে বিশেষ কোনও আক্ষেপ নেই নন্দিনীর। বরং আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁকে বেরিয়ে যেতে হতে পারে। নন্দিনীর দাবি, তিনি রাজবীরকেও সে কথা জানিয়েছিলেন। তাঁর কথায়, ‘‘আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে বেরিয়ে যেতে হবে। মনও সেই কথাই বলছিল। বাস্তবধর্মী অনুষ্ঠানগুলিতে সব কিছুই দর্শকসংখ্যা বাড়ানোর জন্য করা হয়। ভাল বা খারাপ, যে ভাবেই হোক, আমাকে দর্শক টানার জন্য ব্যবহার করা হয়েছে। তাতেও আমার আপত্তি নেই।’’
বিগ বসের ঘরে কাটানো দিনগুলিকে সেনাবাহিনীর প্রশিক্ষণের সঙ্গে তুলনা করেছেন নন্দিনী। তাঁর মতে, এই ৭০ দিনে অনেক কিছু শিখেছেন তিনি। নিজের কাজ নিজে করা থেকে শুরু করে থালা মাজা, কাপড় কাচা এবং বাথরুম পরিষ্কার করা—সবই শিখিয়েছে এই অভিজ্ঞতা।
শো ছাড়ার শেষ মুহূর্ত নিয়েও মুখ খুলেছেন নন্দিনী। তাঁর দাবি, সৌরভ যখন তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন, তখন তিনি দু’মিনিট ধরে সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরে মনে হয়েছে, সেটা করা তাঁর ঠিক হয়নি। নন্দিনীর কথায়, ‘‘কেন আমি সবার কাছে ক্ষমা চাইছিলাম? নন্দিনী যেমন জিততে জানে, তেমনই হার মেনে নিতেও জানে।’’
বিগ বসের ঘরের অন্য প্রতিযোগীদের নিয়েও মুখ খুলেছেন তিনি। নন্দিনীর মতে, ঘরের সবচেয়ে কৃত্রিম আচরণ করেন জিতু কমল এবং সৃজলা গুহ। বিশেষ করে সৃজলাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘সৃজলা খুব ভাল অভিনেত্রী। ও খুব ভাল ভাবে কৃত্রিম আচরণ করতে পারে!’’
সব বিতর্ক পেরিয়ে আপাতত নতুন কাজে মন দিতে চান নন্দিনী। বিগ বসের ঘরে কাটানো ৭০ দিনের অভিজ্ঞতা, রাজবীরের সঙ্গে সম্পর্কের টানাপড়েন এবং সহপ্রতিযোগীদের নিয়ে তাঁর মন্তব্য—সব মিলিয়ে শো থেকে বেরিয়েও আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।
- More Stories On :
- Bigg Boss Bangla
- Nandini
- Rajveer

