প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত উত্তর প্রদেশ। বুধবার বিকেল থেকেই আচমকা খারাপ হতে শুরু করে আবহাওয়া। সন্ধের পর ঝড়ের তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় রাজ্যের একাধিক জেলা। এখনও পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
ঝড়ের দাপটে বহু জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে। ভেঙে গিয়েছে কাঁচা বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বহু এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। রাস্তায় গাছ পড়ে যান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়। কোথাও কোথাও রেললাইনের উপর গাছ ভেঙে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।
ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিতেও জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও খবর মিলেছে। সবচেয়ে বেশি ক্ষতির খবর এসেছে প্রয়াগরাজ, কানপুর, দেহাত ও ফতেহপুর থেকে। কোথাও বজ্রপাতে মৃত্যু হয়েছে, কোথাও আবার গাছ বা ভেঙে পড়া দেওয়ালের তলায় চাপা পড়ে প্রাণ গিয়েছে বহু মানুষের।
প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রেও। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। বহু কৃষক বড় ক্ষতির মুখে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা দ্রুত রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
- More Stories On :
- Uttar Pradesh
- Storm
- Dead

