চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশের এক যুবককে। কথা ছিল, সেখানে ফল প্যাকিংয়ের কাজ করতে হবে। কিন্তু অভিযোগ, রাশিয়ায় পৌঁছনোর পর তাঁকে প্রতারণা করে সেনাবাহিনীতে ভর্তি করানো হয়। এর পর পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। এখন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানোর আশঙ্কায় দিন কাটছে তাঁর পরিবারের। ছেলেকে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কাতর আবেদন জানিয়েছেন যুবকের মা। তাঁর একটাই আর্জি, যে কোনও উপায়ে ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জে বংশী নামে ওই যুবক আরও চার ভারতীয়কে সঙ্গে নিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তাঁরা জানান, তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসমরে পাঠানোর প্রস্তুতি চলছে। ফলে তাঁদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
ভিডিওতে বংশী জানান, তাঁরা চাকরির খোঁজে রাশিয়া গিয়েছিলেন। এক নেপালি ব্যক্তি তাঁদের রাশিয়ার সেনাবাহিনীতে খাবার প্যাকিংয়ের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজের বিনিময়ে মোটা বেতন পাওয়ার কথাও বলা হয়েছিল। সেই আশাতেই তাঁরা রাশিয়া পাড়ি দেন।
কিন্তু সেখানে পৌঁছনোর পর পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। রুশ ভাষায় লেখা কিছু কাগজপত্র তাঁদের দেওয়া হয়। ভাষা বুঝতে না পেরেই তাঁরা তাতে সই করেন। পরে তাঁদের জানানো হয়, ভারতীয় নাগরিকত্ব আর নেই। তাঁদের রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন বংশী।
ভিডিওবার্তায় বংশী বলেন, ‘‘আমাদের ভারতীয় নাগরিকত্বের কথা জানতে চাইলে বলা হয়, আমরা আর ভারতীয় নই, রুশ নাগরিক হয়ে গিয়েছি। আমরা আবার ভারতীয় নাগরিকত্ব ফিরে পেতে চাই। শুরুতেই যদি সব কিছু জানানো হত, তা হলে কখনও ওই কাগজে সই করতাম না। হয়তো এটাই আমাদের শেষ বার্তা। কারণ, আমাদের যুদ্ধের সম্মুখসমরে পাঠানো হচ্ছে। সেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম।’’
এই ভিডিও সামনে আসার পর থেকেই উদ্বেগে দিন কাটছে বংশীর পরিবারের। ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁর মা জে আপ্পালাকোন্ডা।
তাঁর অভিযোগ, ফল প্যাকিংয়ের কাজ দেওয়ার কথা বলে ছেলেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছনোর পর প্রতারণা করে তাঁকে সেনাবাহিনীতে ভর্তি করানো হয়। কান্নায় ভেঙে পড়ে বংশীর মা বলেন, ‘‘আমার কেউ নেই। একটি ছেলে, একটি মেয়ে। আমার স্বামীও মারা গিয়েছেন। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। আর কিছু চাই না।’’
ছেলেকে দেশে ফেরানোর জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে তৎপর হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারও। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ওই ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করতে তাঁর দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি।
চাকরির আশায় বিদেশে গিয়ে যুদ্ধক্ষেত্রে আটকে পড়ার এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এখন পরিবারের একটাই অপেক্ষা, কবে নিরাপদে দেশে ফিরবেন বংশী এবং তাঁর সঙ্গে থাকা অন্য ভারতীয়রা।
- More Stories On :
- Indian Youth
- Russian Army
- Andhra Pradesh

