প্রশ্ন ফাঁস রুখতে এবার আরও কঠোর আইন আনার পথে কেন্দ্র। সূত্রের খবর, নতুন আইনে প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছরের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হতে পারে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাতে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে কোনও ধরনের ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, প্রশ্ন ফাঁস কোনও সাধারণ ঘটনা নয়। এটি লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের জীবনের সঙ্গে জড়িত। তাই গত কয়েক মাসে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকেই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
সরকারি সূত্রের খবর, বর্তমান আইনে সংশোধন এনে প্রশ্ন ফাঁসের মতো অপরাধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। নতুন প্রস্তাব অনুযায়ী, দোষীদের তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি কোনও সংস্থা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থেকে অনিয়মে জড়িত বলে প্রমাণিত হয়, তবে সেই সংস্থার দায়িত্বপ্রাপ্তদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।
এর আগে প্রশ্ন ফাঁসের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্র। এবার আইনে সংশোধন এনে শাস্তি আরও কঠোর করার প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার অনুমোদন মিললে সংশোধনী সংসদে পেশ করা হবে।
এদিকে আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। নিরপেক্ষ জায়গায় বৈঠকের দাবিতে সম্মতি জানিয়ে বৈঠকের স্থান হিসেবে কনস্টিটিউশন ক্লাব ঠিক করা হয়েছে। সেখানে কেন্দ্রের একাধিক শীর্ষ মন্ত্রী উপস্থিত থাকতে পারেন। আন্দোলনকারীদের দাবি ও সরকারের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে কবে আলোচনা হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
- More Stories On :
- NEET Paper Leak
- Parliament
- New Bill

